বরাবরই কম কথার মানুষ দীপিকা পাড়ুকোন। বিতর্কেও বেশি জড়ান না। অবশেষে নাগরিকত্ব আইন তথা সিএএ নিয়ে মুখ খুললেন তিনিও।
দীপিকার মতে, অভিনেতাদের মতামতের কোনো দাম নেই। কেউ পাত্তা দেন না তাদের কথার। তাই তিনি মুখ না খোলারই চেষ্টা করেন।
এনডিটিভি জানায়, নায়িকার পরের ছবি ‘ছাপাক’ মুক্তি পাবে ১০ জানুয়ারি। তারই প্রচারে এসে সিএএ নিয়ে প্রশ্ন করা হলে এ কথা জানান তিনি।
দীপিকা আরও বলেন, “অনেক সময়েই ভিন দেশের অভিনেতা, শিল্পীদের এ দেশ ছেড়ে চলে যাওয়ার হুমকি বা নির্দেশ দেওয়া হয়। এটা ঠিক নয়। সংস্কৃতির আঙিনায় রাজনীতি কেন ছায়া ফেলবে! এতে দেশের সুস্থ সংস্কৃতি নষ্ট হয়ে যাবে।”
একই সঙ্গে তিনি এও জানান, অনেকে কথায় কথায় মুখ খুলতে ভালোবাসেন। অনেকে নীরব প্রতিবাদ করেন। তিনি বেশি বলতে ভালোবাসেন না।
এ ছাড়া, নাগরিকত্ব আইন নিয়ে মুখ খুলে ট্রোল হয়েছেন যেসব বলিউড শিল্পী তাদেরও সমর্থন জানান তিনি।
অনুভব সিনহা, স্বরা ভাস্কর, অনুরাগ কাশ্যপ, রিচা চাড্ডা, ফারহান আখতার, জিসান আইয়ূব ও সুশান্ত সিং-সহ অনেক বলিউড তারকা সিএএ নিয়ে ইতিমধ্যে প্রতিবাদ জানিয়েছেন। এ তালিকায় দক্ষিণ ভারতীয় ও কলকাতার তারকারাও রয়েছে। অনেকে রাস্তায় নেমে বিক্ষোভেও যোগ দেন।
এ দিকে সিএএ নিয়ে সমর্থন জোগাড়ে একদল তারকার সঙ্গে বৈঠক করেছেন ভারতের কেন্দ্রীয় মন্ত্রী পিয়ুস গোয়েল, বিজেপি সহ-সভাপতি বৈজন্ত জে পান্ডা।