‘যুব সমাজের আইকন’ হিসেবে সম্মানিত হলেন নুসরাত

পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী ও সাংসদ নুসরাত জাহান এ যাবৎ অনেক পুরস্কারেই ভূষিত হয়েছেন। এবার কলাকার অ্যাওয়ার্ডে ‘যুব সমাজের আইকন’ হিসেবে সম্মানিত হলেন নুসরাত। নুসরাত তার ফেসবুকে পুরস্কার গ্রহণের ছবি প্রকাশ করে উচ্ছ্বাস প্রকাশ করেছেন।

জানা যায়, রবিবার বিকেলে কলকাতার সায়েন্স সিটি অডিটোরিয়ামে বসেছিল কলাকার অ্যাওয়ার্ডের আসর। সেখানে ‘ইয়ুথ আইকন অ্যাওয়ার্ড- এ সম্মানিত করা হয় নুসরাতকে।

এবারের পুরস্কারেও নুসরাত ছাড়াও আরও অনেক গুণী শিল্পী এই পুরস্কার লাভ করেন। সেরা অভিনেতা হিসেবে এ বছর ‘বিবাহ অভিযান’ সিনেমার জন্য  ‘কলাকার অ্যাওয়ার্ড’ পেয়েছেন অঙ্কুশ হাজরা । ‘পাস ওয়ার্ড’ সিনেমার জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার উঠেছে রুক্মিণী মৈত্রের হাতে। তার সঙ্গে পুরস্কার ভাগ করে নিয়েছে মৃণাল ঠাকুর (সুপার ৩০)। যৌথভাবে সেরা ছবি নির্বাচিত হয়েছে সুচন্দ্রা ভানিয়ার ‘পূর্ব পশ্চিম দক্ষিণ উত্তর আসবেই’ এবং ‘সুপার ৩০’। ‘গুমনামী’ সিনেমার জন্য সেরা পরিচালকের পুরস্কার পেয়েছেন সৃজিত মুখোপাধ্যায়।  ৫০ বছরের স্টারডামের জন্য সম্মানিত করা হয়েছে ঊষা উত্থুপকে। সেরা মিউজিক নির্বাচিত হয়েছেন অনু মালিক। অ্যাচিভার অ্যাওয়ার্ড পেয়েছেন বাবুল সুপ্রিয়। সেরা সংগীত পরিচালক হিসেবে পুরস্কৃত হয়েছেন বিক্রম ঘোষ। সেরা লাইভ পারফর্মার নির্বাচিত হয়েছেন ইমন চক্রবর্তী। সেরা উঠতি তারকার পুরস্কার পেয়েছেন ‘সা-রে-গা-মা’র অঙ্কিতা ভট্টাচার্য। লিভিং লিজেন্ড সম্মানে সম্মানিত হয়েছেন ধৃতিমান চট্টোপাধ্যায়।

উল্লেখ্য, পূর্ব ভারতের অন্যতম জনপ্রিয় অ্যাওয়ার্ড হলো ‘কলাকার অ্যাওয়ার্ড’। ভারতীয় চলচ্চিত্রের বিভিন্ন কলাকুশলীকে প্রতিবছর এই পুরস্কারে সম্মানিত করা হয়। বলিউডের হৃষিকেশ মুখোপাধ্যায়, মহেশ ভাট, সুভাষ ঘাই, সানি লিওন যেমন পুরস্কার পেয়েছেন; তেমনই পুরস্কৃত হয়েছেন নিতীশ রায়, শাশ্বত চট্টোপাধ্যায়, কৌশিক সেন, দেব, মীরের মতো অভিনেতারা।