আতিকুল ইসলামকে কারণ দর্শানোর নোটিশ রিটার্নিং কর্মকর্তার

ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আতিকুল ইসলামকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

রিটার্নিং কর্মকর্তা আবুল কাশেম সোমবার আতিকুলকে এই নোটিশ পাঠান। আগামী দুই দিনের মধ্যে নোটিশের জবাব দিতে বলা হয়েছে।

প্রতীক পাওয়ার আগে নির্বাচনী প্রচার কার্যক্রম চালানোর লিখিত অভিযোগ পাওয়ার পর রিটার্নিং কর্মকর্তা আতিকুল ইসলামকে কারণ দর্শানোর এই নোটিশ পাঠান বলে জানা গেছে।

আতিকুলের নির্বাচনী ক্যাম্প উদ্বোধনের অভিযোগ খতিয়ে দেখতে নির্বাচন কমিশনার রফিকুল ইসলামের নির্দেশের একদিন পর কারণ দর্শানোর নোটিশ দেওয়া হলো।

উল্লেখ্য, রোববার সকালে উত্তরায় আওয়ামী লীগের প্রার্থী আতিকুল ইসলামের নির্বাচনী ক্যাম্প উদ্বোধন করা হয়। স্থানীয় সংসদ সদস্য সাহারা খাতুন ওই ক্যাম্প উদ্বোধন করেন। এছাড়া, আতিকের বিরুদ্ধে শনিবারও প্রচারণামূলক কার্যক্রম চালানোর বিষয়ে লিখিত অভিযোগ পড়েছে রিটার্নিং কর্মকর্তার কাছে।

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে ৯ জানুয়ারি পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহারের সময় রয়েছে। এর পরে প্রতীক পেয়ে প্রচারে নামবেন প্রার্থীরা। প্রতীক পাওয়ার আগ পর্যন্ত কোনো প্রার্থী নির্বাচনী কার্যক্রম চালাতে পারবেন না। সংসদ সদস্যসহ মন্ত্রীদেরও এই নির্বাচনে কোনো প্রার্থীর পক্ষে প্রচারে যাওয়ার সুযোগ নেই।

উত্তরায় স্থানীয় সংসদ সদস্যের উপস্থিতিতে নির্বাচনী ক্যাম্প উদ্বোধন করায় কেন আচরণবিধি লঙ্ঘিত হবে না তা জানতে চাওয়া হয়েছে নোটিশে। আতিকুল নির্বাচনী আচরণবিধির ৫ ও ২২ ধারা লঙ্ঘন করেছেন বলে এতে উল্লেখ করা হয়েছে।

এই নির্বাচনী এলাকায় আতিকুলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির প্রার্থী তাবিথ আওয়ালসহ ছয়জন।