একে বলে বারো হাত কাকড়ের তেরো হাত বিচি: মোস্তাফা জব্বার

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার তার ফেইসবুক পোস্টের একটি কমেন্টে উত্তর দিতে গিয়ে বলেছেন, 'একে বলে বারো হাত কাকড়ের তেরো হাত বিচি'।

রবিবার তিনি তার ফেইসবুকে একটি পোস্ট দেন। যাতে লেখা ছিল-

'আজ আমরা দুটি সুখবর পেলাম। প্রথমত রবিকে ১৩৮ কোটি টাকা পরিশোধ করার জন্য আদালত নির্দেশ দিয়েছে। এর আগে মহামান্য আদালত গ্রামীণকে দুই হাজার কোটি টাকা প্রদানের নির্দেশ প্রদান করেন। অন্যদিকে মাননীয় প্রধানমন্ত্রী নগদ এর মাধ্যমে সকল সরকারি ভাতা বিতরণের জন্য অনুশাসন প্রদান করেছেন। জয়বাংলা। জয় মুজিব। জয় বঙ্গবন্ধু'

এই স্ট্যাটাসের নিচে একজন মন্তব্য করেন, 'জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলা ও বাঙ্গালীর প্রাণের স্পন্দন, বাংলাদেশের স্বাধীনতার মূল মন্ত্রই ছিলো এই স্লোগান।

জয় বাংলা জয় মুজিব কথাটি ওই স্লোগানটির বিকৃতি নয় কি?

আপনার মত দায়িত্বশীল জায়গা থেকে এমন কথা আমরা প্রত্যাশা করি না।'

এর জবাবে মোস্তাফা জব্বার লেখেন, 'আমরা যখন মুক্তিযুদ্ধ করেছি তখনতো আপনার জন্মই হয়নি। আমি মুজিব বর্ষে জয় মুজিব শ্লোগান দিচ্ছি তাতে বিকৃতি পেলেন কই? বঙ্গবন্ধু একটি উপাধি আর মুজিব হচ্ছে জাতির পিতার নাম-নিজেই হিসাব করুন নাম বড় না উপাধি বড়। আমি জয় বঙ্গবন্ধু বলতে পারি জয় মুজিবও বলতে পারি। না বুঝে কাউকে দায়ী করবেন না। একে বলে বারো হাত কাকড়ের তেরো হাত বিচি। আমার দায়িত্ব আমি বুঝি-আপনার উপদেশের প্রয়োজন নাই'।