ভারতের দিল্লিতে জওহরলাল ইউনিভার্সিটিতে মুখোশধারীদের হামলার ঘটনায় জার্মানির নাৎসিবাদের পদধ্বনি শুনতে পাচ্ছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ সেন।
জেএনইউ ক্যাম্পাসে রোববার সন্ধ্যায় শিক্ষার্থী ও শিক্ষকদের ওপর হামলা চালিয়েছে মুখোশধারী দুর্বৃত্তরা। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। গুরুতর আহত একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ সময় ভাঙচুর করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের আসবাব। এ হামলার জন্য বিজেপির সঙ্গে যুক্ত ছাত্রসংগঠন এবিভিপিকে দায়ী করা হয়েছে।
এ বিষয়ে অভিজিৎ সনে ভারতের একটি সংবাদমাধ্যমকে বলেন, আমার মনে হয় বহির্বিশ্বে ভারতের ভাবমূর্তি নিয়ে যারা সচেতন থাকেন এ ঘটনায় তাদের উদ্বেগ বাড়বে। এর সঙ্গে মিল রয়েছে সেই সময়ের যখন জার্মানিতে নাৎসি শাসনের প্রদধ্বনি শোনা যাচ্ছিল।
তিনি এ ঘটনায় সরকারের যথাযথ তদন্ত ও বিচার এবং আহতদের দ্রুত আরোগ্য প্রত্যাশা করেন।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ওই হামলায় জেএনইউ ছাত্র সংসদের সভাপতি ঐশী ঘোষসহ আহত হয়েছেন অনেকে। রক্তাক্ত অবস্থায় ঐশীকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়। ঐশী ঘোষ বলেন, ‘মুখোশধারী দুষ্কৃতকারীরা আমার ওপর হামলা চালিয়েছে। আমার শরীর দিয়ে রক্ত ঝরেছে। আমাকে নির্মমভাবে মারধর করা হয়েছে। আরও অনেকে আহত হয়েছেন।’
দেশটির পুলিশ বলছে, পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণে আছে। এ ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দিল্লির পুলিশপ্রধান অমূল্য পটনায়েককে প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছেন।
বিভিন্ন সূত্রের বরাত দিয়ে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, শতাধিক দুর্বৃত্ত এই হামলায় অংশ নেয়। তাদের অনেকে হামলার পর হোস্টেলের ভেতরে অবস্থান নেয়।