হোল্ডিং ট্যাক্স আত্মসাৎ

ডিএসসিসির রেভিনিউ সুপারভাইজারের বিরুদ্ধে মামলা

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাময়িক বরখাস্ত হওয়া রেভিনিউ সুপারভাইজার ফাহিমুজ্জামানের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল সোমবার দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়-১-এ মামলাটি করেন দুদকের উপসহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া। এজহারে বলা হয়, ২০১৭ থেকে ২০১৯ সাল পর্যন্ত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের রাজস্ব অঞ্চল-৪-এর ৩১ নম্বর ওয়ার্ডের  রেভিনিউ সুপারভাইজার হিসেবে দায়িত্ব পালন করেন ফাহিমুজ্জামান। তিনি প্রজাতন্ত্রের একজন কর্মচারী হয়ে অসৎ উদ্দেশ্যে আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য অপরাধমূলক বিশ্বাসভঙ্গ ও ক্ষমতার অপব্যবহার, প্রতারণা ও জাল জালিয়াতির মাধ্যমে হোল্ডিং ট্যাক্স আদায় করে আত্মসাৎ করেন। তিনি আদায় করা রাজস্ব ডিএসসিসির তহবিলে জমা দেননি।