বাংলাদেশ শুধু স্বপ্ন দেখে না, স্বপ্ন বাস্তবায়ন করে এবং বিশ্ব নেতৃত্বকে স্বপ্ন দেখায় বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী তাজুল ইসলাম।
তিনি বলেছেন, ‘আমরা বাংলাদেশকে সিঙ্গাপুর বা মালয়েশিয়ার আদলে গড়ে তুলতে চাই। এজন্য শেখ হাসিনার নেতৃত্বে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে। শেখ হাসিনার নেতৃত্বে বহুমুখী উন্নয়নের কারণে বাংলাদেশ আজ অভীষ্ট লক্ষ্যে পৌঁছে গেছে।’
সোমবার দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জে উদ্বোধনের অপেক্ষায় থাকা নবনির্মিত গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক সেতু ও ইছাখালী সেতুর নির্মাণকাজ পরিদর্শনে এসে স্থানীয়দের সঙ্গে মতবিনিময় সভায় মন্ত্রী এ মন্তব্য করেন।
নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ জসিম উদ্দিনের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য, বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক, নারায়ণগঞ্জ-১ (আড়াইহাজার) আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব হেলালুদ্দীন আহমদ, এলজিইডির প্রধান প্রকৌশলী সুশংকর চন্দ্র আচার্য্য ও রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মমতাজ বেগম।
এলজিআরডিমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতিমধ্যে ২০৪১ সালে বাংলাদেশ কেমন হবে সেই পরিকল্পনা গ্রহণ করেছেন। ২০২১ সালে বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হবে। এটা বাস্তবায়ন করতে রূপরেখা তৈরি করা হয়েছে। ২০২১ সালকে সামনে রেখে ২০০৯ সাল থেকেই বিভিন্ন প্রকল্প গ্রহণ করে তা বাস্তবায়ন করা হয়েছে। এই বাস্তবায়নের কারণে দেশে দারিদ্র্যের হার অনেক কমে গেছে।