প্রতিষ্ঠার ১৪ বছর পর প্রায় ১৯ হাজার গ্র্যাজুয়েটের অংশগ্রহণে ১১ জানুয়ারি হতে যাচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) প্রথম সমাবর্তন।
এই আয়োজনকে ঘিরে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে পুরো ক্যাম্পাসে। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। সমাবর্তনের স্থান ধূপখোলা মাঠে নির্মাণ করা হচ্ছে ১ লাখ ৫০ হাজার বর্গফুটের বিশালাকৃতির প্যান্ডেল।
বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার দপ্তর থেকে জানা যায়, সমাবর্তনে অংশগ্রহণকারী গ্র্যাজুয়েটরা মঙ্গলবার থেকে বৃহস্পতিবার অফিস চলাকালে (সকাল আটটা থেকে বিকেল চারটা) নিজ নিজ বিভাগ থেকে পোশাক, ব্যাগ ও উপহার সংগ্রহ করতে পারবেন।
সমাবর্তনের দিন বিকেল তিনটা থেকে রাত আটটা পর্যন্ত, ১২ জানুয়ারি ও ১৩ জানুয়ারি সকাল নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত নিজ নিজ বিভাগ হতে মূল সনদ গ্রহণ করা যাবে। এই তারিখের মধ্যে সনদ গ্রহণ করতে ব্যর্থ হলে পরবর্তীতে পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর থেকে গ্রহণ করতে পারবেন।
গত বছর ১ মার্চ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তনের নিবন্ধন কার্যক্রম শুরু হয়। এতে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে ২০১২-২০১৩ শিক্ষাবর্ষ পর্যন্ত স্নাতক, স্নাতকোত্তর, এমফিল, পিএইচডি ও সান্ধ্যকালীন ডিগ্রিধারী শিক্ষার্থীরা যারা অন্তত একটি ডিগ্রি জবি থেকে অর্জন করেছে তারাই অংশগ্রহণ করছে।
তবে সমাবর্তনে একজন শিক্ষার্থী কেবল একটি সনদের জন্য রেজিস্ট্রেশন করতে পেরেছেন। যারা সুযোগ পেয়েও এ বছর সমাবর্তনে অংশগ্রহণ-আবেদন করেনি তারা আর কখনো অংশগ্রহণ করতে পারবে না। বর্তমান নিয়ম অনুযায়ী বিশ্ববিদ্যালয় থেকে একাধিক ডিগ্রি অর্জনকারীরা সমাবর্তনের পর ডিগ্রির সনদ তুলতে পারবেন। সমাবর্তনে অংশগ্রহণকারীদের বিশ্ববিদ্যালয় থেকে দেওয়া গাউন ফেরত দিতে হচ্ছে না।
জগন্নাথের প্রথম সমাবর্তনে স্নাতক ১১ হাজার ৮৭৭ জন, স্নাতকোত্তর ৪ হাজার ৮২৯, এমফিল ১১, পিএইচডি ছয় ও ইভিনিং প্রোগ্রামের ১৫৭৪ জন অংশ নেবেন।