বিয়ের প্রলোভনে ধর্ষণ: জামিন মেলেনি এসআই বাপ্পীর

বিয়ের প্রলোভন ও ভয় দেখিয়ে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার মিরপুর মডেল থানার এসআই আব্দুর রকিব খান বাপ্পীকে জামিন দেয়নি আদালত।

ঢাকার মহানগর হাকিম আবু সুফিয়ান মো. নোমান মঙ্গলবার দুপুরে জামিন আবেদন খারিজ করে আগামী ২৬ জানুয়ারি মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের আদেশ দেন।

গত ২ জানুয়ারি রাতে এক তরুণীর দায়ের করা মামলায় শেরেবাংলা নগর থানা-পুলিশ বাপ্পীকে গ্রেপ্তার করে। পরদিন তাকে আদালতে হাজির করে কারাগারে পাঠানোর আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা। অন্যদিকে বাপ্পীর পক্ষে আইনজীবী রবিউল ইসলাম জামিন আবেদন করেন। সেদিন ঢাকার মহানগর হাকিম সাদবীর ইয়াছির আহসান চৌধুরী জামিন শুনানির জন্য ৭ জানুয়ারি দিন ঠিক করে আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

ভুক্তভোগী তরুণীর অভিযোগ, কিশোরগঞ্জের তাড়াইলের বাসিন্দা বাপ্পীর সঙ্গে পাঁচ বছর ধরে তার সম্পর্ক। এর মধ্যে বাপ্পী বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার তার সঙ্গে শারীরিক সম্পর্ক করেছেন। কিন্তু সম্প্রতি বিয়ের প্রস্তাব দিলে টালবাহানা শুরু করেন বাপ্পী। গত ২ জানুয়ারি সকালে আগারগাঁও এলাকার একটি বাসায় তরুণীকে ডেকে নেন এসআই বাপ্পী। সেখানে তিনি কিছু গোপন ভিডিও দেখিয়ে সেগুলো ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে তাকে ধর্ষণ করেন। সেখান থেকে ৯৯৯ নম্বরে কল করে ওই তরুণী শেরেবাংলা নগর থানায় অভিযোগ করলে বাপ্পীকে গ্রেপ্তার করে পুলিশ।