ভারতে সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ)-এর বিরুদ্ধে বিক্ষোভ থেকে গ্রেপ্তার হয়েছিলেন অভিনেত্রী ও সমাজকর্মী সাদাফ জাফর।
মঙ্গলবার ১৯ দিন পর জামিনে মুক্তি পেয়েই যোগী আদিত্যনাথের পুলিশের বিরুদ্ধে অত্যাচারের অভিযোগ তোলেন তিনি।
আনন্দবাজার পত্রিকা জানায়, ১৯ ডিসেম্বর লখনউয়ের সিএএ বিরোধী বিক্ষোভের ফেসবুকে লাইভ করছিলেন সাদাফ জাফর। জামিনে মুক্তি পেয়ে সে দিনের ভয়াবহ অভিজ্ঞতার কথা তুলে ধরেন তিনি।
সাদাফ বলেন,‘পুলিশ আমাকে গালিগালাজ করছিল। আমাকে প্রথমে এক নারী পুলিশকর্মী চড় মারেন। তারপর মারেন এক পুরুষ অফিসার। ওই পুরুষ অফিসার নিজেকে ইন্সপেক্টর জেনারেল পদমর্যাদার অফিসার বলে দাবি করেছিলেন। তিনি আমার পেটে লাথি মারেন এবং বলেন পাকিস্তানে চলে যাও।’
সাদাফ জাফরের গ্রেপ্তারের ঘটনা ঝড় তুলেছিল ভারতজুড়ে। এদিন তিনি জেলের যে অভিজ্ঞতা বর্ণনা করেছেন তা শিউরে ওঠার মতো। তার দাবি, ‘হজরতগঞ্জ পুলিশ স্টেশনের জেল হেফাজতে থাকাকালীন কেউ আমার সঙ্গে দেখা করতে এলে তাকে আটকে রাখা হতো। মনে হতো, আমি যেন ব্ল্যাকহোলের মধ্যে রয়েছি।’
তার ভাষ্য,‘জেলের মধ্যে থাকাকালীন এই ঠান্ডাতেও আমাকে কম্বল বা খাবার দেওয়া হয়নি।’
মামলাতেও প্রতিবাদের রাস্তা থেকে সরতে নারাজ সাদাফ জাফর। তিনি বলেন, ‘দেশে যা ঘটছে, গণতন্ত্রের আস্থাশীলরা তার প্রতিবাদ করবেনই । সামনে এখনো লম্বা লড়াই।’