রাজশাহীর গোদাগাড়ী পৌর সভার এক কাউন্সিলরের বাড়িতে এক স্কুলছাত্রী ধর্ষণের শিকার হয়েছেন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ওই কাউন্সিলরের ছেলেসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃদের একজনের বাবা গোদাগাড়ী পৌরসভার একটি ওয়ার্ড এর কাউন্সিলর। এছাড়া তাদের দুজন নবম এবং একজন দশম শ্রেণির ছাত্র।
মঙ্গলবার দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়। এ ঘটনায় সোমবার রাতে নির্যাতিতা ছাত্রীর মা বাদী হয়ে গোদাগাড়ী থানায় একটি মামলা দায়ের করেন।
পুলিশ ও স্থানীয়দের কাছ থেকে জানা যায়, নির্যাতনের শিকার ওই স্কুলছাত্রী স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী। পূর্বপরিচয়ের সূত্রে সে সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে কাউন্সিলরের বাড়িতে তার ছেলের সঙ্গে দেখা করতে যায়।
মামলা সূত্রে জানা যায়, ওই বাড়িতেই ছাত্রীকে ধর্ষণ করা হয়। রাতে ওই ছাত্রী বাড়িতে গিয়ে তার পরিবারের সদস্যদের কাছে ঘটনা খুলে বললে রাতেই তার মা থানায় মামলা দায়ের করেন।
রাজশাহী জেলা পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার (গোদাগাড়ী সার্কেল) আব্দুর রাজ্জাক খান মামলার সত্যতা নিশ্চিত করে বলেন, রাতেই পুলিশ অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করে। রাতেই মেয়েটিকে পুলিশ হেফাজতে নেয়া হয় এবং মঙ্গলবার সকালে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে পাঠানো হয়।