ক্রিস গেইল ঢাকায় এসেছেন সোমবার। কথা অনুযায়ী চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে মঙ্গলবার মাঠেও নেমে পড়লেন টি-টোয়েন্টি ক্রিকেটের সবচেয়ে সফল এই ব্যাটসম্যান।
মাহমুদউল্লাহ-গেইলদের বিপক্ষে টস হেরে আগে ব্যাটিং পেল রাজশাহী রয়্যালস। লিটন দাসের ফিফটিতে দলটি নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে গড়ল ১৬৬ রানের পুঁজি। ওপেনার লিটন খেলেছেন সর্বোচ্চ ৫৬ রানের ইনিংস। ৪৫ বলে ৫ চার ও ২ ছক্কায় নিজের ইনিংস সাজান তিনি। আসরে এটি তার দ্বিতীয় ফিফটি।
লিটন বাদে রাজশাহীর অন্য কারো ইনিংস এদিন তেমন বড় হয়নি। বরং খানিটা সময় বেশ ভুগেছে দলটা। আন্দ্রে রাসেল ঝড় তোলার আভাস দিয়েও ১০ বলে ২০ রান করে ফেরেন ১ চার ও ২ ছক্কায়। শোয়েব মালিক ২৪ বলে ২৮ রান করলেও ইনিংসটি ছিল কার্যকরী।
তবে রাজশাহীর পুঁজিটা বড় করতে অবদান ফরহাদ রেজার শেষের ঝড়ের। শেষ বলে রান আউটে কাটা পড়ার আগে ৮ বলে ২১ রান করেন তিনি ১ চার ও ২ ছক্কায়।
চট্টগ্রামের পক্ষে সর্বাধিক ৩টি করে উইকেট নিয়েছেন রুবেল হোসেন ও জিয়াউর রহমান।
রাজশাহী ও চট্টগ্রাম দুই দলই নিশ্চিত করে ফেলেছে শেষ চার। এখন শীর্ষ দুইয়ে নিজেদের অবস্থান ধরে রাখার মিশন তাদের। শীর্ষ দুইয়ে থাকা দল ফাইনালে যাওয়ার পথে একবার হারলেও আরেকটি কোয়ালিফায়ার খেলার সুযোগ পাবে।