যে কারণে তিন খানকে এক সিনেমায় দেখা যাবে না

বলিউডের তিন খান সালমান-শাহরুখ-আমির। এই তিন সুপারস্টারের ভক্তরা বহু বছর ধরেই মুখিয়ে আছেন একই সিনেমায় এই তিন তারকাকে দেখতে চান। কিন্তু নানা সময় নানা আওয়াজ উঠলেও তিন তারকাকে এক ফ্রেমে দেখা যায়নি আজও।

সালমান খান ও শাহরুখ খান একসঙ্গে কয়েকটা ছবি করলেও ২০০২-সালের পর আর তাদের একসঙ্গে দেখা যায়নি। আর আমিরের সঙ্গে এখনো কোনো ছবি করেননি শাহরুখ। তিন সুপারস্টার তরুণ থেকে বুড়ো হওয়ার পথে হাঁটলেও তাদের একসঙ্গে দেখা না যাওয়ার কারণ যাই হোক না কেন ভক্তরা এখনো আশায় বুক বেঁধে আছেন তিন তারকাকে একসঙ্গে দেখার জন্য। এদিকে চলচ্চিত্র সমালোচকেরা বলছেন নিজেদের ইগোর কারণেই তিন তারকা একসঙ্গে কখনোই অভিনয় করবেন না।

ওদিকে এক সাক্ষাৎকারে সালমান খানও জানালেন তিন তারকা কখনোই একসঙ্গে সিনেমার ফ্রেমে হাজির হবেন না। তবে তা ইগোর জন্য নয়, অন্য কোনো কারণে। ঠিক কি কারণে সালমান-আমির আর শাহরুখকে একসঙ্গে দেখা যাবে না?

ভারতীয় এক গণমাধ্যমকে সালমান খান জানিয়েছেন, ‘আমি শাহরুখ এবং আমির যদি একসঙ্গে ছবিতে কাজ করি তাহলে সেই ছবির যা বাজেট হবে তা কোনো প্রযোজক সংস্থার পক্ষে দেওয়াই প্রায় অসম্ভব। শুধু তাই নয়, এমন হাই স্টার কাস্ট ছবি মুক্তির জন্য নিদেনপক্ষে ২০০০০ হাজার প্রেক্ষাগৃহের দরকার। অতগুলো প্রেক্ষাগৃহই বা কোথায়? একে ‘বিগ বাজেট’ তার ওপর ‘বিগ নেমস’ সব মিলিয়ে আপাতত তিনখানকে নিয়ে ছবি করা ‘মুশকিল হি নহি নামুমকিন হ্যয়’।’

কিছুদিন আগেই মুক্তি পেয়েছে সালমানের দাবাং সিরিজের তৃতীয় পর্ব। আমির খানের পরের ছবি ‘লাল সিং চাড্ডা’। কিন্তু শাহরুখ খানের হাতে এই মুহূর্তে কোনো ছবি নেই। এমন নয় যে অফার পাচ্ছেন না তিনি। নিজেই কিছুটা সরে রয়েছেন ছবি দুনিয়া থেকে। ‘জিরো’ বক্স অফিসে মুখ থুবড়ে পড়ায় হতাশ শাহরুখ আপাতত ভালো চিত্রনাট্যের অপেক্ষায় রয়েছেন বলে জানা যায়।