জমে উঠেছে বাংলাদেশ সাংস্কৃতিক উৎসব

বাংলাদেশ সাংস্কৃতিক উৎসবের পঞ্চম দিনে গতকাল রাত ৮টায় মঞ্চায়িত হয়েছে লোকনাট্য ‘গুণাই বিবির পালা’। এছাড়া রাজবাড়ী, বগুড়া ও মৌলভীবাজার জেলার শিল্পীরা অংশ নেন বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনায়। প্রতিদিনের মতোই বাংলাদেশ শিল্পকলা একাডেমির নন্দনমঞ্চে বিকেল ৪টা থেকে সাংস্কৃতিক পরিবেশনার শুরুতেই জাতীয় সংগীত পরিবেশিত হয়। পরে বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরিবেশনায় অ্যাক্রোবেটিক প্রদর্শনী, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের পরিবেশনায় বৃন্দ আবৃত্তি পরিবেশন করে হিসাম, শুপ্ত, তেসিফ, জাবের, সাফিন ও স্বর্ণালি। একক আবৃত্তি পরিবেশন করেন শিল্পী লায়লা আফরোজ। পাশাপাশি ‘পিন্দারে পলাশের বন’ এবং ‘নাও ছাড়িয়া দে’ গানের সঙ্গে আনিসুল ইসলাম হিরুর পরিচালনায় দুটি সমবেত নৃত্য পরিবেশন করে সৃষ্টি কালাচারাল একাডেমির শিল্পীরা। এরপর শুরু হয় তিন জেলার সাংস্কৃতিক পরিবেশনা। রাজবাড়ী জেলার শিল্পীরা পরিবেশন করে দলীয় নৃত্য, সমবেত সংগীত এবং একক সংগীত। তাদের পরিবেশনার অন্যতম আকর্ষণ ছিল যন্ত্রসংগীত । পরে বগুড়া ও মৌলভীবাজার জেলার শিল্পীরাও একক সংগীত, দলীয় সংগীত, দলীয় নৃত্যের পাশাপাশি যন্ত্রসংগীত পরিবেশন করেন।

একাডেমি প্রাঙ্গণে রাত ৮টায় দর্শনীর বিনিময়ে আবদুল মাজেদ প্রামাণিক ও মো. নাজমুল হোসেনের নির্দেশনায় ঐতিহ্যবাহী লোকনাট্য ‘গুণাই বিবির পালা’ মঞ্চস্থ হয়। বিভিন্ন চরিত্রে অভিনয় করেন সামাদ, হাবিবুর শেখ, মোজাফ্ফর, মুন্নি, নাজিম হোসেন, আকিজ শেখ, নায়েব আলী, রোকেয়া, মুক্তা, আবদুল মাজেদ প্রামাণিক। যন্ত্রে সহযোগিতা করেছেন কি-বোর্ড-আতালেব শেখ, ঢুলি-মানিক, বাঁশি-মো. পলাশ, জুরি-কামরুল ও প্যাড-লাবলু।