শাবিপ্রবির এক যুগ প্রতীক্ষার অবসান

এক যুগ প্রতীক্ষার অবসান ঘটিয়ে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বহুল প্রতীক্ষিত ৩য় সমাবর্তন আজ। সমাবর্তনকে ঘিরে ক্যাম্পাসে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসহ পুরো সিলেট শহর।

সমাবর্তন অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন বিশ্ববিদ্যালয়ের আচার্য রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। আজ বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে সমাবর্তন অনুষ্ঠান শুরু হবে। এতে সমাবর্তন বক্তা হিসেবে থাকবেন কথাসাহিত্যিক অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম।

এদিকে রাষ্ট্রপতি ও গ্র্যাজুয়েটদের বরণ করে নিতে ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। সমাবর্তনে যোগ দিতে ইতোমধ্যে সফরসঙ্গীসহ দুটি হেলিকপ্টার করে সিলেটের উদ্দেশ্যে রাজধানীর তেজগাঁও থেকে যাত্রা শুরু করেছে বলে একটি সূত্র নিশ্চিত করেছে।

সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে হযরত শাহজালাল (র.) ও হযরত শাহপরাণ (র.) এর মাজার জিয়ারত করবেন রাষ্ট্রপতি।

ভিভিআইপি হেলিকপ্টারে রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদের সঙ্গে সিলেট আসছেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী, রাষ্ট্রপতি পুত্র রাসেল আহমেদ তুহিন, রাষ্ট্রপতির কার্যালয়ের জনবিভাগ সচিব সম্পদ বড়ুয়া, রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল এস এম শামিম উজ জামান, জন বিভাগের প্রেস সচিব মো. জয়নাল আবেদীন, রাষ্ট্রপতির ব্যক্তিগত চিকিৎসক বিগ্রেডিয়ার জেনারেল মো. নিয়ামুল গনি চৌধুরী, এসএসএফ এর মহাপরিচালক, পিজিআর এর কমান্ডার ও রাষ্ট্রপতির এডিসি।

সমাবর্তনকে ঘিরে পুরো ক্যাম্পাস নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে। গুরুত্বপূর্ণ পয়েন্টে ৫০টি অতিরিক্ত সিসিক্যামেরা স্থাপন করা হয়েছে। নিরাপত্তার জন্য আরও রয়েছে বিভিন্ন গোয়েন্দা সংস্থা, এসএসএফ (স্পেশাল সিকিউরিটি ফোর্স), পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

এবারের সমাবর্তনে মোট ৬ হাজার ৭৫০ গ্র্যাজুয়েট অংশ নেবেন। অনুষ্ঠানে স্নাতকে ৪ হাজার ৬১৭ জন, স্নাতকোত্তরে ১ হাজার ১২৭ জন, পিএইচডি ২ জন, এমবিবিএস ৮৭৮ জন, এমএস ও এমডি ডিগ্রিধারী ৬ জন এবং নার্সিংয়ের ১২০ জন শিক্ষার্থীকে আনুষ্ঠানিকভাবে বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েট হিসেবে স্বীকৃতি পাবেন।

এছাড়াও স্নাতকে সর্বোচ্চ ফলাফলধারী ১২ শিক্ষার্থী ও স্নাতকোত্তরে ৮ শিক্ষার্থীকে রাষ্ট্রপতি স্বর্ণপদক প্রদান করা হবে। অনুষদে প্রথম হওয়া মোট ৮৯ জন শিক্ষার্থীকে ‘ভাইস চ্যান্সেলর’ অ্যাওয়ার্ড প্রদান করা হবে।

সার্বিক বিষয়ে উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, সমাবর্তনের সকল প্রস্তুতি সম্পন্ন। আমাদের সব পরিকল্পনা বাস্তবায়িত হয়েছে। শুধুই রাষ্ট্রপতির অপেক্ষায় আছি। এছাড়া সমাবর্তন সফলভাবে সম্পন্ন করার জন্য শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করছি।