সাভারের আশুলিয়ায় ১১ বছর বয়সী এক শিশুকে জুস খাইয়ে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত ধর্ষক মো. কুদরত হোসেনকে (৩২) গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার দুপুরে গ্রেপ্তার দেখিয়ে কুদরতকে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়। সেখানে ধর্ষণের বিষয়টি স্বীকার করে সে ১৬৪ ধারায় জবানবন্দি প্রদান করেছেন বলে জানিয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. রকিবুল হাসান।
এর আগে মঙ্গলবার রাতে উপজেলার গকুলনগর এলাকার মো. রাসেলের ভাড়া বাড়িতে অভিযান চালিতে তাকে গ্রেপ্তার করে আশুলিয়া থানা-পুলিশ।
ধর্ষক কুদরত হোসেন মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানার কামার গাঁ গ্রামের মৃত বাচ্চু মিয়ার ছেলে। সে গকুলনগর এলাকায় ভাড়া থেকে তৈরি পোশাক কারখানায় কাজ করত বলে জানিয়েছে পুলিশ।
এসআই মো. রকিবুল হাসান বলেন, ধর্ষণের শিকার শিশুটি গত ২৯ ডিসেম্বর তার দাদির সঙ্গে আশুলিয়া এলাকায় বাবা-মায়ের কাছে বেড়াতে আসে। পরে বৃহস্পতিবার বিকেলে বাড়ির পাশে খেলার সময় ওই এলাকার বাসা খুঁজতে যাওয়া কুদরত হোসেনের সঙ্গে দেখা হয়। এ সময় শিশুটির সঙ্গে কথা বলার একপর্যায়ে কুদরত হোসেন তাকে জুস খাইয়ে কৌশলে পাশর্^বর্তী দিপু নামে এক ব্যক্তির একটি নির্মাণাধীন বাড়ির নিচ তলায় নিয়ে যায়। পরে শিশুটিকে জোরপূর্বক ধর্ষণ করে পালিয়ে যায় ওই বখাটে।
এ ঘটনায় শিশুটি অসুস্থ হয়ে পড়লে রাতেই তাকে উদ্ধার করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে ভর্তি করা হয়। পরে সেখান থেকে শুক্রবার সকালে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়।
তিনি আরও বলেন, ধর্ষণের ঘটনায় শিশুটির মা বাদী হয়ে গত ৪ ডিসেম্বর আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করেন। পরে পুলিশ বিভিন্নভাবে খোঁজখবর নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে ধর্ষক কুদরত হোসেনকে গ্রেপ্তার করে।