ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র হিসেবে নয় মাসের দায়িত্ব পালনকে 'ওয়ার্মআপ' অভিহিত করে আতিকুল ইসলাম বলেছেন, এখন তিনি ‘টেস্ট’ খেলার জন্য প্রস্তুত।
বুধবার বনানীতে জাতীয় মৎস্যজীবী লীগের সঙ্গে এক মতবিনিময় সভায় একথা বলেন আসন্ন ডিএনসিসির নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের এই মেয়র প্রার্থী।
আতিক বলেন, আপনাদের ভোটে নির্বাচিত হয়ে গত নয় মাসে আমি যে এক্সপেরিয়েন্স অর্জন করেছি, সেটা ছিল আমার জন্য ওয়ার্মআপ। খেলার আগে অনুশীলন লাগে। নয় মাস আমি কঠিন অনুশীলন করেছি। সেই ওয়ার্মআপ আমি আগামী ৫ বছর কাজে লাগাব। আমি এখন ৫ বছরের টেস্ট খেলার জন্য প্রস্তুত।
নিজের কর্মজীবনে কোনো দায়িত্বে অবহেলা দেখাননি বলে দাবি করে আতিক বলেন, মেয়র হওয়ার আগে বিজিএমইএর সভাপতি ছিলাম। আল্লাহর রহমতে কোথাও বদনাম কুড়াইনি, পুরো গার্মেন্টস ইন্ডাস্ট্রির জন্য সুনাম নিয়ে এসেছি।
সিটি করপোরেশনের দায়িত্ব নেওয়ার পরও অনেক চ্যালেঞ্জ সামলেছেন দাবি করে তিনি বলেন, দায়িত্ব নেওয়ার পরপরই আবরার মারা যাওয়ার পর ছাত্র আন্দোলন ও কয়েকটি অগ্নিকাণ্ডের ঘটনার মুখোমুখি হই। তবে ডেঙ্গুকে সবচেয়ে ‘বড় চ্যালেঞ্জ’ হিসেবে তুলে ধরে আতিক বলেন, আমি বলেছিলাম চান রাতে ডেঙ্গু নিয়ে কথা বলে লাভ নেই। ডেঙ্গু নিয়ে ৩৬৫ দিন কাজ করতে হবে। মশার ওষুধ আনার যে সিন্ডিকেট ছিল তা ভেঙে দিতে পেরেছি।
এ সময় ডিএনসিসি নির্বাচনে নৌকার পক্ষে কাজ করতে আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান আতিক।
উল্লেখ্য, সিটি করপোরেশনের মেয়রদের মেয়াদ পাঁচ বছর হলেও আনিসুল হকের মৃত্যুতে উপনির্বাচনে বিজয়ী হয়ে আতিককে এক বছরের কম সময়ে দায়িত্ব পালন শেষ করতে হয়। নতুন নির্বাচনে আওয়ামী লীগ ঢাকা দক্ষিণে প্রার্থী বদলালেও উত্তরে ব্যবসায়ী নেতা আতিককেই প্রার্থী রেখেছে।
বাংলাদেশ মৎস্যজীবী লীগের সভাপতি সায়ীদুর রহমানের সভাপতিত্বে সভায় সংগঠনের সাধারণ সম্পাদক শেখ আজগর লস্করসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।