শুধুমাত্র নির্বাচনী প্রচারণায় নয়, নির্বাচনের কোন কার্যক্রমেই মন্ত্রী-এমপিরা অংশ নিতে পারবেন না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) মাহবুব তালুকদার। তিনি বলেন, ‘বিদ্যমান আইনে যা আছে তার বাইরে যাওয়া সম্ভব না।’
বুধবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আওয়ামী লীগের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
আওয়ামী লীগের প্রতিনিধি দলের সাথে আলোচনার বিষয়ে কমিশনার বলেন, ‘দুটি বিষয়ে স্পষ্ট ও প্রয়োজনীয় আলোচনা হয়েছে। এর মধ্যে একটি অতিগুরুত্বপূর্ণ ব্যক্তিদের নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ। এ বিষয়ে আমরা বলেছি বিদ্যমান আইনে যা আছে তার বাইরে যাওয়া সম্ভব না। অতিগুরুত্বপূর্ণ কেউ নির্বাচনী প্রচারণায় অংশ নিতে পারবেন না।’
ঢাকা উত্তর ও দক্ষিণ সিটিতে নির্বাচনী কার্যক্রম পরিচালনার দায়িত্বে যে দুজন সংসদ সদস্য রয়েছেন তারা কার্যক্রম পরিচালনা করতে পারবেন কিনা জানতে চাইলে ইসি মাহবুব বলেন, ‘এই মুহূর্তে এ বিষয়ে আমি কিছু বলব না।’
মাহবুব তালুকদার আরও বলেন, ‘অতিগুরুত্বপূর্ণ’ ব্যক্তির সংজ্ঞার মধ্যে এমপি, মন্ত্রীরা পড়েন। আইনত তারা নির্বাচনী প্রচারকার্যে অংশ নিতে পারবেন না। শুধু নির্বাচনী প্রচারকাজ নয়, কোন নির্বাচনী কার্যক্রমে তারা অংশ নিতে পারবেন না। তবে তারা যার যার ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারবেন। ভোট দেয়ার ক্ষেত্রে তাদের কোন বিধিনিষেধ নেই।
এছাড়াও ইভিএম কিভাবে ব্যবহার করা হবে সে বিষয়ে আলোচনা হয়েছে, সব কেন্দ্রের জন্য ব্যাকআপ সিস্টেম থাকবে। ইভিএম আলোচনায় তারা সন্তুষ্ট হয়েছেন।
সব রাজনৈতিক দলের কাছেই নির্বাচন কমিশনের সহায়তা দরকার উল্লেখ করে মাহবুব তালুকদার বলেন, ‘একটি বিশেষ কারণে এই নির্বাচন আমাদের কাছে চ্যালেঞ্জ। বিশেষ কারণটা হচ্ছে ভোটার উপস্থিতি। ইভিএমে আমরা উত্তর ও দক্ষিণ সিটির ভোট করতে যাচ্ছি। স্বাভাবিক নির্বাচনের চাইতে এই নির্বাচনে ভোটার উপস্থিতি কম হলে তা আমাদের জন্য খুব একটা ভালো হবে না। সব দলের কাছে আমাদের আবেদন থাকবে ভোটার উপস্থিতির বিষয়ে সহায়তা করার।
নির্বাচনী কাজে চট্টগ্রাম থাকায় এই বৈঠকে উপস্থিত থাকতে পারেননি প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা। নির্বাচন কমিশনার মাহবুব তালুকদারের নেতৃত্বে বৈঠকে অন্যদের মধ্যে নির্বাচন কমিশনার কবিতা খানম, রফিকুল ইসলাম, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরী এবং দুই সিটি করপোরেশনের রিটার্নিং কর্মকর্তা আব্দুল বাতেন ও আবুল কাশেম উপস্থিত ছিলেন।
অন্যদিকে আওয়ামী লীগের নির্বাচনী পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান এইচটি ইমামের নেতৃত্বে প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন, প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা ড. মসিউর রহমান, আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুস সোবহান গোলাপ এমপি, আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক সেলিম মাহমুদ।