ক্যানসারে আক্রান্ত জনপ্রিয় কণ্ঠশিল্পী অ্যান্ড্রু কিশোরকে তিন লাখ টাকা অনুদান দিল সংস্কৃতি মন্ত্রণালয়। মানবতার কল্যাণ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও নাট্যনির্মাতা জি. এম সৈকতের মাধ্যমে অ্যান্ড্রু কিশোরকে এ অনুদানের চিঠি দিয়েছে সংস্কৃতি মন্ত্রণালয়।
জি.এম সৈকত বলেন, ‘অ্যান্ড্রু কিশোরের শিষ্য মোমিন বিশ্বাসের হাতে ৩ লাখ টাকা অনুদানের চিঠি তুলে দিয়েছি। চিঠিটি রাজশাহীর ডিসি বরাবর জমা দিলে সেখান থেকে ৩ লাখ টাকা দেয়া হবে অ্যান্ড্রু কিশোরের বোনের হাতে।’
জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত কণ্ঠশিল্পী অ্যান্ড্রু কিশোর বর্তমানে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। অসুস্থ অবস্থায় গত ৯ সেপ্টেম্বর উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের উদ্দেশ্যে দেশ ছেড়েছিলেন। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর গত ১৮ সেপ্টেম্বর তার শরীরে ক্যানসার ধরা পড়ে।
এরপর থেকেই থেমে থেমে তাকে কেমো দেওয়া হচ্ছে। এখনো চিকিৎসা চলছে। চিকিৎসকেরা জানিয়েছেন, এ চিকিৎসা আরও প্রায় দুই মাস চলবে। এরই মধ্যে অ্যান্ড্রু কিশোরের চিকিৎসায় দুই কোটিরও বেশি টাকা খরচ করেছে তার পরিবার। প্রয়োজন আরও অনেক টাকা।