বাণিজ্যচুক্তি নিয়ে যুক্তরাজ্যকে ইইউর সতর্কতা

সাধারণ নির্বাচনে জয় পেলেও দুঃসময় কাটছে না ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের। পার্লামেন্টে ব্রেক্সিট প্রস্তাব পাস হলেও এবার ব্রেক্সিট-পরবর্তী বাণিজ্যিক অংশীদারত্ব নিয়ে যুক্তরাজ্যকে সতর্ক করে দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। এএফপির এক প্রতিবেদনে বলা হয়, চলতি বছরে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে অংশীদারত্ব নিয়ে আলোচনার সময় না বাড়ালে ইইউর উন্মুক্ত বাজার সুবিধা হারাতে পারে যুক্তরাজ্য। ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট উরসুল ভন দের লিয়েনের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর প্রথম সাক্ষাতের পরই ইইউ এমন সতর্কতা জারি করল। কারণ ব্রেক্সিটের আর বাকি মাত্র তিন সপ্তাহ।

ইইউ ও যুক্তরাজ্য উভয়ই তিন বছর ধরে ব্রেক্সিট নিয়ে চলমান অচলাবস্থা থেকে বের হতে চাইছে। কিন্তু অনেক বিষয় অমীমাংসিত থাকায় তা সম্ভব হচ্ছে না। জনসনের ব্রেক্সিট প্রস্তাব পাস হলেও ব্রাসেলসের সঙ্গে লন্ডনের নতুন অর্থনৈতিক অংশীদারত্ব কী হবে তা এখনো সুরাহা হয়নি।

লন্ডন স্কুল অব ইকোনমিকসের বক্তব্যে উরসুল বলেন, ‘দুই পক্ষের মধ্যেই সামনের দিনগুলোতে কঠোর বাক্যবিনিময় হবে। এর মধ্য দিয়েই সর্বোচ্চ ভালো করার চেষ্টা অব্যাহত থাকবে।’

গত মঙ্গলবার ডাউনিং স্ট্রিট জানিয়েছে, ব্রেক্সিটের জন্য আর সময় বাড়ানোর কোনো প্রয়োজন নেই এমন বক্তব্য উরসুলকে বলবেন জনসন। যুক্তরাজ্য ইইউর নিয়মনীতি মেনেই ব্রেক্সিট করবে বলেও জানায় ডাউনিং স্ট্রিট কর্র্তৃপক্ষ।