মির্জাপুরে কবর খুঁড়ে ২১ কঙ্কাল চুরি

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার শুভুল্যা গ্রামের শুভুল্যা সোহাগ কবরস্থান থেকে ২১টি কঙ্কাল চুরি হয়েছে। গত মঙ্গলবার রাতে চোরেরা কবরস্থান থেকে কঙ্কালগুলো চুরি করে নিয়ে গেছে বলে জানান এলাকাবাসী।

শুভুল্যা সোহাগ কবরস্থান কমিটির সভাপতি হুমায়ূন তালুকদার সাংবাদিকদের জানান, উপজেলার ফতেপুর ইউনিয়নের শুভুল্যা সোহাগ কবরস্থানটি প্রায় শত বছরের পুরনো। শুভুল্যা, কুর্নী, হাতকুড়া গ্রামের মানুষ মারা গেলে এ কবরস্থানে তাদের দাফন করা হয়। এখানে কয়েকশ কবর রয়েছে। কবরস্থান সংলগ্ন এলাকার বাসিন্দা রজ্জব আলী ও ইমরুল হাসান সাংবাদিকদের জানান, মঙ্গলবার সকাল ৮টার দিকে তারাসহ এলাকার লোকজন বাইরে থেকে কবরস্থানে বেশ কয়েকটি গর্ত দেখতে পান। এতে সন্দেহ হলে কবরস্থানের ভেতরে ঢুকে তারা দেখতে পান ২১টি কবর খুঁড়ে কঙ্কাল চুরি করে নেওয়া হয়েছে।

শুভুল্যা সোহাগ কবরস্থান কমিটির সাধারণ সম্পাদক মোতাহার আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘কয়েক মাস আগেও এ কবরস্থান থেকে ৫-৬টি কঙ্কাল চুরি হয়েছে। একই কায়দায় মঙ্গলবার রাতেও ২১টি কবর খুঁড়ে চোরেরা কঙ্কাল চুরি করে নিয়ে গেছে। কবরস্থানটিতে আলোর ব্যবস্থা না থাকায় কবর থেকে কঙ্কাল চুরির শঙ্কায় আছি আমরা।’

মির্জাপুর থানার ওসি মো. সায়েদুর রহমান বলেন, কবর থেকে কঙ্কাল চুরির খবর শুনে পরিদর্শক (তদন্ত) ফজলুর রহমানকে ঘটনাস্থলে পাঠানো হয়। ফজলুর রহমানের বরাত দিয়ে ওসি জানান, ওই কবরস্থানে ৯টি কবর খোঁড়া পাওয়া গেছে। এ ছাড়া ১২টি কবরের ওপর নতুন করে মাটি দেওয়া দেখা গেছে।