শর্ত ছাড়াই ইরানের সঙ্গে আলোচনায় রাজি যুক্তরাষ্ট্র

কোনো শর্ত ছাড়াই ইরানের সঙ্গে আলোচনায় বসতে রাজি যুক্তরাষ্ট্র। জাতিসংঘকে চিঠি দিয়ে বিষয়টি জানিয়েছে মার্কিন কর্তৃপক্ষ।

বিবিসি জানায়, নিরাপত্তা পরিষদে এই চিঠি দিয়েছেন জাতিসংঘের মার্কিন রাষ্ট্রদূত কেলি ক্র্যাফট।

চিঠিতে উল্লেখ করা হয়, ইরানের জন্য আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা যাতে হুমকির মুখে না পড়ে এবং উত্তেজনা যাতে বৃদ্ধি না পায় সেজন্য আলোচনার জন্য তৈরি আছে যুক্তরাষ্ট্র।

নিজেদের রক্ষার জন্য ইরানি জেনারেল কাসেম সোলেইমানিকে হত্যা করা হয়েছে বলেও জাতিসংঘকে জানায় ওয়াশিংটন। বলা হয়, ‘সোলেইমানি হত্যাকাণ্ড সঠিক পদক্ষেপ ছিল।’

 প্রসঙ্গত, জাতিসংঘ সনদের ৫১ ধারা অনুসারে, কোনো রাষ্ট্র যদি নিজেদের রক্ষার জন্য পদক্ষেপ নেয় তাহলে সেটি দ্রুত নিরাপত্তা পরিষদকে অবহিত করতে হবে।

সোলেইমানি হত্যার জবাবে মঙ্গলবার ইরাকের দুটি মার্কিন ঘাঁটিতে ইরানের একাধিক ক্ষেপণাস্ত্র হামলায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতি হয়নি বলে চিঠিতে দাবি করা হয়েছে।

এদিকে ইরানও চিঠির মাধ্যমে মার্কিন ঘাঁটিতে হামলার যৌক্তিকতা তুলে ধরেছে। জাতিসংঘ সনদের ৫১ ধারা উল্লেখ করে ইরান জানায়, নিজেদের রক্ষার জন্যই মার্কিন ঘাঁটিতে এই ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে।

জাতিসংঘে ইরানের রাষ্ট্রদূত মাজিদ তখত রাভানচি বলেন, ‘এই অভিযান ছিল সুনির্দিষ্ট সামরিক পদক্ষেপ। এর মাধ্যমে সামরিক ছাড়া কোনো বেসামরিক মানুষ এবং সম্পদের কোনো ক্ষতি হয়নি।’

তিনি আরও জানান, ইরান কোনো যুদ্ধ কিংবা উত্তেজনা বাড়াতে চায় না।