ঢাবি ছাত্রীর জন্য দাঁড়ালেন 'নিজের মেয়ের ধর্ষণের' বিচার না পাওয়া চা বিক্রেতা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ধর্ষণের ঘটনায় শিক্ষার্থীদের বিক্ষোভে অংশ নিয়েছেন টিএসসির পরিচিত মুখ চা বিক্রেতা স্বপন।

গ্রেপ্তারের পর মজনুর সর্বোচ্চ শাস্তির দাবিতে বৃহস্পতিবার সাধারণ শিক্ষার্থীরা সম্মিলিতভাবে রাজু ভাস্কর্যে মানববন্ধন করেছে। সেই মানববন্ধনে স্বপনকে মানববন্ধনে তাকে প্ল্যাকার্ড হাতে দেখা গেছে। 

এমন একটি ছবি ফেইসবুকে প্রকাশ করেন ঢাবি শামসুন নাহার হল সংসদের ভিপি শেখ তাসনিম আফরোজ ইমি। 

ইমি জানান, এ সময় 'স্বপন মামা' তার প্রতিবন্ধী মেয়ের ধর্ষণের বিচার চান। বিচার চেয়ে দেওয়া বক্তব্যের মাঝে তিনি কেঁদে ফেলেন। 

তার এ ছবি ইতোমধ্যেই সামাজিক যোগাযোগের মাধ্যম ফেইসবুকে ভাইরাল হয়েছে।

শেখ তাসনিম আফরোজ ইমি ছবির সঙ্গে ফেইসবুকে লেখেন ‘এটাই আপনার, আমার বাংলাদেশ। যেখানে একজন বাবাকে এইভাবে রাস্তায় দাঁড়িয়ে কাঁদতে কাঁদতে মেয়ে ধর্ষণের বিচার চাইতে হয়! আমাদের কোনোদিন ক্ষমা কইরেন না স্বপন মামা!’

অভিযোগ রয়েছে, গত বছরের ২৯ সেপ্টেম্বর স্বপন মামার প্রতিবন্ধী মেয়েকে একই গ্রামের বাচ্চু মিয়া (৭০) ধর্ষণ করে বলে অভিযোগ পাওয়া যায়। ওই দিনই অভিযুক্তসহ তার দুই ভাই বাহার ও আক্কাসকে আসামি করে মামলার পর বাচ্চু মিয়াকে গ্রেপ্তার করে পুলিশ। এর ছয় মাস পর অভিযোগপত্র জমা দেওয়া হয়। এরপর ব্রাহ্মণবাড়িয়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাব্যুনাল আসামিকে ২৭ নভেম্বর জামিন দিয়ে দেয়।