যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিশংসন শুনানি দেরি করায় প্রতিনিধি পরিষদের ডেমোক্র্যাট স্পিকার ন্যান্সি পেলোসি সিনেটে নিজ দলের সমর্থন হারাতে বসেছেন। তার সাবেক প্রতিবেশী ক্যালিফোর্নিয়ার সিনেটর দায়ানি ফেইনস্টেইন ‘সময় পার হয়ে গেছে’ বলে মন্তব্য করেছেন।
যদিও সিনেটের রিপাবলিকান নেতা মিচ ম্যাককনেল বলেছেন, অভিশংসনপ্রক্রিয়া ভ্লুলে ডেমোক্র্যাটদের সহায়তা ছাড়াই তারা প্রয়োজনীয় ৫১ ভোট সংগ্রহ করতে পারবেন। সিএনএন বলছে, বুধবার হোয়াইট হাউসে গিয়ে তিনি প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে দেখা করে অভিশংসনপ্রক্রিয়া নিয়ে আলোচনা করে এসেছেন।
গত মাসে প্রতিনিধি পরিষদে ক্ষমতার অপব্যবহার ও কংগ্রেসের কাজে বাধা দেওয়ার অভিযোগে দলীয় ভিত্তিতে ট্রাম্পের বিরুদ্ধে অভিশংসন প্রস্তাব পাস হয়। এটি কার্যকরের পরবর্তী ধাপ হিসেবে ট্রাম্পের বিচারপ্রক্রিয়া শুরু হওয়ার কথা সিনেটে। সেখানে সংখ্যাগরিষ্ঠ রিপাবলিকান নেতৃত্বের হাতে এ বিচার কতটা নিরপেক্ষ হবে, সেই প্রশ্নে দ্বিধার কারণে স্পিকার ন্যান্সি পেলোসি অভিশংসন সিদ্ধান্ত সিনেটের হাতে এখন পর্যন্ত হস্তান্তর করেননি। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে ব্লুমবার্গকে ফেইনস্টেইন বলেন, ‘জরুরি বিষয়ে বিলম্ব তার গুরুত্ব দুর্বল করে দেয়। এটিকে (অভিশংসন) গুরুত্বপূর্ণ ও জরুরি মনে করলে, তাদের উচিত দ্রুত সিনেটে পাঠানো।’ তার সুরেই সিনেটর ক্রিস কুনস, জন টেস্টার ও জো ম্যানচিন এখনই শুনানি শুরুর আহ্বান জানান।