ঘরের মাঠে ভারতকে বিপদে ফেলার মতো ক্ষমতা অস্ট্রেলিয়ার আছে। ভারতের সঙ্গে ৩ ওয়ানডের সংক্ষিপ্ত সফর শুরুরের জন্য দেশ ছাড়ার আগে এ কথা বলেছেন অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চ। ‘ভারতীয় কন্ডিশনে খেলার পক্ষে আমাদের গেমপ্ল্যান যে যথেষ্ট ভালো, সেই আত্মবিশ্বাস রয়েছে আমাদের। উপমহাদেশে খেলার সময় ভারত যখন চালকের আসনে থাকে তখন এত দাপট দেখায় যে নিজেদের গেমপ্ল্যানের ওপর সংশয় তৈরি হয়। কিন্তু আমরা জানি যে ভারতে গিয়ে ভারতকে হারানোর মতো স্কিল রয়েছে, তেমন গেমপ্ল্যানও রয়েছে। এটাই আমাদের ভারতে যাওয়ার সময় আত্মবিশ্বাস বাড়াচ্ছে’ বলেছেন তিনি। ১৪ জানুয়ারি মুম্বাই, ১৭ তারিখ রাজকোট এবং ১৯ জানুয়ারি বেঙ্গালুরুতে তিন ম্যাচ খেলবে ভারত-অস্ট্রেলিয়া। এই সিরিজের জন্য টেস্টে দুর্দান্ত ফর্মে থাকা মারনাস লাবুশেনকে নিয়েছে অস্ট্রেলিয়া। তার সম্পর্কে ফিঞ্চের মূল্যায়ন, ‘আমরা জানি যে ও পরিস্থিতি প্রতিকূল হলেও ঘাবড়ে যাবে না। অ্যাশেজের শুরুতে খেলতে না পারলেও টেস্ট ক্রিকেটে দারুণভাবে ফিরেছে ও। রয়েছে অবিশ্বাস্য ফর্মে। আশা করছি, সেই ফর্মেই ও খেলবে। ঘরোয়া একদিনের ক্রিকেটে অসাধারণ ব্যাট করেছে ও। ভালো না খেলার কোনো কারণ তো আমার নজরে পড়ছে না।’ ইন্টারনেট।