জনগণের ভোগান্তি লাঘবে ২৪ ফেরি ও লঞ্চঘাটের পরিচালনা বিরোধ নিষ্পত্তির তাগিদ দিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। গতকাল বৃহস্পতিবার মন্ত্রণালয়ের সভাকক্ষে বিআইডব্লিউটিএ এবং স্থানীয় সরকার বিভাগের আওতাধীন প্রতিষ্ঠানসমূহের মধ্যে ফেরি ও লঞ্চঘাট/পয়েন্ট নিয়ে সৃষ্ট বিরোধ নিষ্পত্তি সংক্রান্ত বৈঠকে তিনি এ তাগিদ দেন।
সভায় ২৪টি ফেরি, লঞ্চ, খেয়া ও গুদারাঘাট/পয়েন্ট পরিচালনা নিয়ে সৃষ্ট বিরোধ, রেভিনিউ শেয়ারিং ও সমন্বয়ের মাধ্যমে সৃষ্ট সমস্যার সমাধানে আলোচনা করা হয়। শিগগিরই অনুষ্ঠেয় আন্তঃমন্ত্রণালয় বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। প্রতিমন্ত্রী বলেন, মানুষের সেবায় সরকার, সরকারি প্রতিষ্ঠান ও সংস্থাগুলো কাজ করে থাকে। তাই সরকারি সংস্থাগুলোর মধ্যে কোনো বিরোধ সৃষ্টি হলে বাস্তবতার নিরিখে সবার সহযোগিতায় তা নিষ্পত্তি করতে হবে।