ব্রাহ্মণবাড়িয়ায় কবি জয়দুল হোসেনের জন্মদিন উদ্‌যাপন

কবি ও মুক্তিযুদ্ধ গবেষক জয়দুল হোসেনের ৬৬তম জন্মবার্ষিকী উদ্‌যাপিত হয়েছে । বৃহস্পতিবার জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসন ও জেলা শিশু একাডেমি কবিকে শ্রদ্ধা জানিয়ে জন্মদিন অনুষ্ঠানের আয়োজন করে।

কবিকে জেলা শিশু একাডেমির পক্ষ থেকে ফুলের তোড়া, উত্তরীয়, শাল ও ক্রেস্ট দিয়ে সম্মাননা জানানো হয়। পরে জেলা প্রশাসক, সাহিত্য একাডেমি, রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদ, ব্রাহ্মণবাড়িয়া নাট্য সংস্থা, তিতাস আবৃত্তি সংগঠন’সহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ সময় অনুভূতি জানিয়ে কবি জয়দুল হোসেন বলেন, ‘মানুষের ভালোবাসার চেয়ে বড় কোনো সম্মাননা হয় না। সবার ভালোবাসায় আমি আপ্লুত।’

অনুষ্ঠানে কবি জয়দুল হোসেনের কবিতা থেকে জেলা শিশু একাডেমি ও তিতাস আবৃত্তি সংগঠনের শিল্পীরা দলীয় আবৃত্তি পরিবেশন করেন। এই আয়োজনে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শামসুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খান। সঞ্চালনা করেন শিশু একাডেমির পরিচালনা পরিষদ সদস্য মো.মনির হোসেন।

বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রেজাউল কবির, সাহিত্য একাডেমির উপদেষ্টা এড. আবু তাহের, জেলা টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সভাপতি মনজুরুল আলম ও জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মাহফুজা আখতার।