বিএনপি চেয়ারপারসনের ‘সুচিকিৎসার জন্য’ এবার তার সাজার কার্যকারিতা স্থগিত করতে সরকারের প্রতি দাবি জানিয়েছেন দলটির আইনজীবী নেতারা। জামিনের আবেদনের আইনি প্রক্রিয়া সময়সাপেক্ষ মন্তব্য করে এ দাবি জানিয়ে তারা বলেছেন, সরকার চাইলে ফৌজদারি কার্যবিধি অনুযায়ী শর্তহীনভাবে তার সাজা স্থগিত করতে পারে। গতকাল বৃহস্পতিবার দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে একথা বলেন তারা।
বিএনপির ভাইস চেয়ারম্যান ও খালেদা জিয়ার অন্যতম আইনজীবী খন্দকার মাহবুব হোসেন বলেন, ‘দেশে আইনের শাসন থাকলে বেগম খালেদা জিয়ার মতো একজন জনপ্রিয় নেত্রীকে কারাগারে আটক রাখা হতো না।
খন্দকার মাহবুব বলেন, ‘ফৌজদারি কার্যবিধির ৪০১ (১) ধারা অনুযায়ী কোনো আাসমির সাজার কার্যকারিতা শর্তহীনভাবে স্থগিতের ক্ষমতা সরকারের রয়েছে। আমরা আশা করি সরকার প্রতিহিংসার পথ পরিহার করে আইনগতভাবেই তাকে মুক্তি দিয়ে দেশে বা দেশের বাইরে চিকিৎসার সুযোগ দেবে।’