সাধারণ এক মধ্যবিত্ত পরিবার থেকে উঠে এসেছেন দীপিকা পাড়ুকোন। পড়াশোনা করতে গিয়ে নিজের খরচ নিজেই জোগাতেন এই বলি তারকা।
আনন্দবাজার পত্রিকাকে এক সাক্ষাৎকারে এমনটা জানান তিনি।
দীপিকা বলেন, ‘খুব অল্প বয়স থেকেই টাকাপয়সাকে সম্মান করে আসছি। মধ্যবিত্ত পরিবারে আমার জন্ম এবং বড় হওয়া। স্কুল জীবনে কোনো দিন পকেটমানি পাইনি। কলেজে এসে নিজে রোজগার করে মোবাইল ফোন কিনেছি।’
ছাপ্পাক তারকা আরও বলেন, ‘আমার মা-বাবা কোনো রকম শর্ত ছাড়াই আমাকে বড় করেছেন। এখনকার বাচ্চাদের দেখি, শর্তের বিনিময়ে অনেক কিছু পেয়ে থাকে। আমি নিজে এখনো মা হইনি। তাই আমার পক্ষে হয়তো এ সব বলা খুব সহজ।’
দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে (জেএনইউ) হামলার প্রতিবাদে সংহতি জানিয়ে আলোচিত দীপিকা পাড়ুকোন।
রবিবার সন্ধ্যায় মুখোশধারী দুর্বৃত্তরা জেনএনইউতে হামলা চালায়। অভিযোগ উঠে ক্ষমতাসীন বিজেপি সমর্থিত ছাত্র সংগঠনের বিরুদ্ধে। এই ঘটনার প্রতিবাদে নিন্দার ঝড় উঠে ভারতজুড়ে।
জেএনইউ'র শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করে। এতে যোগ দেন প্রাক্তন শিক্ষার্থীরাও। মঙ্গলবার ক্যাম্পাসের বিক্ষোভে আচমকা উপস্থিত হন দীপিকা। হামলায় গুরুতর আহত হওয়া ছাত্র সংসদের সভাপতি ঐশী ঘোষের সঙ্গেও দেখা করেন দীপিকা, তার সঙ্গে কথা বলেন।