হাঁটুর দাগ মুছে কটাক্ষের শিকার কারিনা

কারিনা কাপুর খান ফিটনেস নিয়ে বাড়াবাড়ি রকমের সচেতন। মাতৃত্বকালীন স্বল্প বিরতির পর দ্রুতই জিমে যোগ দেন। ফিরিয়ে আনেন শরীরের আগের জেল্লা।

আনন্দবাজার পত্রিকা জানায়, ‘হিরোইন’ নায়িকা সম্প্রতি ‘খোলা পায়ের’ ছবি পোস্ট করেছেন। তাতে হাঁটুর জায়গাটি স্বাভাবিক লাগছে না। তা নিয়েই সোশ্যাল মিডিয়ায় কটাক্ষের মুখে পড়তে হচ্ছে কারিনাকে।

লাইফস্টাইল ম্যাগাজিন ‘গ্রাজিয়া ইন্ডিয়া’র জন্য ছবিটি তুলিয়েছেন নায়িকা। সোমবারই গ্রাজিয়া ইন্ডিয়া ও কারিনার ইনস্টাগ্রাম হ্যান্ডলে তা পোস্ট করা হয়।

ছবিতে দেখা যাচ্ছে, খোলা চুল, নীলাভ ধূসর একটি রোম্পার পরে রয়েছেন কারিনা। হাঁটুর অনেকটা ওপরে শেষ হয়ে গেছে রোম্পারটি।

কারিনাকে যথারীতি সুন্দর লাগছে এই ছবিতে। এই পর্যন্ত সবই ঠিক ছিল। কিন্তু ছবিতে হাঁটুর অংশটি স্বাভাবিক লাগছিল না। নেটিজেনদের দাবি, ফটোশপে অতিরিক্ত এডিট করে হাঁটুর দাগ মুছে দেওয়া হয়েছে, তাই এমন লাগছে। আর এক ইউজার লিখেছেন, এত বেশি রিটাচ দেওয়া হয়েছে যে হাঁটু উধাও হয়ে গিয়েছে।

শুধু কারিনার হাঁটু নয় পায়ের সাইজ নিয়েও কটাক্ষের মুখে পড়তে হয়েছে তাকে। অনেক নেটিজেনের দাবি, পায়ের সাইজ এডিট করে অর্ধেক করে ফেলা হয়েছে। তবে এটাই প্রথম নয়, এর আগেও এমন ছবি পোস্ট করে কটাক্ষের মুখে পড়তে হয়েছে কারিনা কাপুরকে।