সংসদ সদস্যদের নির্বাচনী প্রচারে অংশ দেওয়ার সুযোগ দাবি করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থী মো. আতিকুল ইসলাম।
এ জন্য নির্বাচন কমিশনের প্রতি অনুরোধও করেছেন তিনি।
শুক্রবার দুপুরে তার উত্তরার নির্বাচনী কার্যালয়ে এক আনুষ্ঠানিক সংবাদ ব্রিফিং করে তিনি এ অনুরোধ জানান আতিকুল ইসলাম।
তিনি বলেন, ‘আপনার দেখেছেন, নির্বাচনী প্রচারে এমপি বা মন্ত্রীদের অংশ নেওয়ার ক্ষেত্রে একধরনের নিষেধাজ্ঞা রয়েছে। আমার কথা হচ্ছে, আজ যারা এমপি আছেন, তারাও তো দলের সদস্য। তাদেরও তো ইচ্ছা করে আমার সঙ্গে প্রচারে নামার।’
আতিকুল ইসলাম বলেন, ‘আমি নির্বাচন কমিশনকে অনুরোধ করব, অন্ততপক্ষে যারা এমপি আছেন, তারা যেন আমাদের সঙ্গে মাঠে নেমে কাজ করতে পারেন। লেভেল প্লেয়িং ফিল্ডের জন্য এই বাধাটুকু যেন না থাকে।’
আতিকুল ইসলাম বলেন, মেয়র নির্বাচিত হলে তিনি মেয়রসহ সব কাউন্সিলরের বার্ষিক আয়-ব্যয়ের হিসাব দেওয়ার বিষয়টি বাধ্যতামূলক করবেন। একই সঙ্গে নিরাপদ সড়ক ও নিরাপদ শহর গড়ে তোলার জন্য প্রত্যয় ব্যক্ত করেন।