রাজধানীর দারুস সালাম এলাকায় আনোয়ার হোসেন (৪৫) নামে এক ব্যক্তিকে গলায় মাফলার পেঁচিয়ে হত্যা করা হয়েছে।
শুক্রবার দুপুরে দারুস সালামের জহুরাবাদ বস্তি এলাকার ভাড়া বাসা থেকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানায়, ব্যক্তিগত বিরোধের জের ধরে এক বা একাধিক ব্যক্তি আনোয়ারকে শ্বাসরোধে হত্যা করে পালিয়ে যায়।
দারুস সালাম থানার পরিদর্শক (তদন্ত) দুলাল হোসেন দেশ রূপান্তরকে বলেন, এ ঘটনায় আনোয়ারের বড় ভাই চান মিয়া থানায় মামলা করেছেন। মামলার এজাহারের সূত্র ধরে আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
চান মিয়া দেশ রূপান্তরকে জানান, তাদের বাড়ি পটুয়াখালীর দুমকি এলাকায়। আনোয়ার গত ১৫ বছর ধরে পারিবারিকভাবে বিচ্ছিন্ন ছিল। তার কোন ছেলে মেয়ে নেই। কোন কাজও করতেন না। বিভিন্ন মাজারে ঘুরে বেড়াতেন। চেয়ে চিন্তে খাবার জোগাড় করতেন। তাকে কেন কারা হত্যা করল কিছুই বুঝতে পারছেন না।
দারুস সালাম থানার অপর এক কর্মকর্তা বলেন, ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি মাফলার উদ্ধার করা হয়েছে, যেটি আনোয়ারের গলায় প্যাঁচানো অবস্থায় পাওয়া গেছে। এছাড়া হত্যাকাণ্ডে জড়িতদের বিষয়ে তথ্য সংগ্রহের জন্য বাড়িওয়ালা মোহাম্মদ আলীসহ একাধিক প্রতিবেশীকে থানায় ডেকে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
পরিদর্শক দুলাল হোসেন জানান, প্রাথমিকভাবে শ্বাসরোধে হত্যার আলামত পাওয়া গেছে। লাশ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।