রাজধানীর ভাটারা এলাকা থেকে রানা মিয়া (৩০) নামে এক শিশু অপহরণকারীকে গ্রেপ্তার করেছে র্যাব-১।
শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে ভিত্তিতে ভাটারার নদ্দা বাসস্ট্যান্ড সংলগ্ন হারেজ গলিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
রানা কেরানীগঞ্জের সমিতি বাড়ির ভাগনা স্কুল গ্রামের মৃত শফি মিয়ার ছেলে। র্যাব জানায়, গত ৭ জানুয়ারি টঙ্গীর এরশাদ নগর থেকে আশরাফুল (৮) নামে এক শিশুকে অপহরণ করেছিলেন তিনি।
র্যাব-১ এর অধিনায়ক শাফি উল্লাহ বুলবুল দেশ রূপান্তরকে বলেন, পারিবারিক বিরোধের জের ধরে রানা তার সাবেক স্ত্রীর ভাইয়ের ৮ বছর বয়সী শিশুকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। পরবর্তীতে মোবাইল ফোনের মাধ্যমে তার পরিবারের কাছে শিশুটির মুক্তিপণ হিসেবে ১ লাখ টাকা দাবি করতে থাকে। অন্যথায় শিশুটিকে মেরে ফেলবে বলে জানায়।
এ ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে গাজীপুর টঙ্গী পূর্ব থানায় একটি মামলা করেন এবং বিষয়টি ভিকটিমের পরিবার র্যাব-১ এ জানায়। র্যাব শিশুটিকে উদ্ধার ও অপহরণকারীদের গ্রেপ্তারের জন্য ছায়াতদন্ত ও গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।
র্যাব-১ এর সিপিসি-২ এর কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার মো. সালাউদ্দিন দেশ রূপান্তরকে বলেন, র্যাবের অব্যাহত অভিযান ও গোয়েন্দা তৎপরতার মুখে অপহরণকারী রানা শিশুটিকে শুক্রবার সন্ধ্যার দিকে মহাখালী রেল লাইন এলাকায় ফেলে যেতে বাধ্য হয়। পরে স্থানীয় লোকজনের সহায়তায় পুলিশ শিশুটিকে উদ্ধার করে ভিকটিম সাপোর্ট সেন্টারে নিয়ে যায়। এরপর পরিবারের কাছে হস্তান্তর করে।
সহকারী পুলিশ সুপার সালাউদ্দিন আরও জানান, র্যাবের জিজ্ঞাসাবাদে রানা জানায়, তিনি পেশায় একজন দিনমজুর। তালাকের প্রতিশোধ নেওয়ার জন্যই শিশুটিকে হত্যার উদ্দেশ্যে অপহরণ করেছিলেন।