ওয়ানপ্লাসের ‘অদৃশ্য ক্যামেরার’ রহস্য

অদৃশ্য ক্যামেরা কনসেপ্ট নিয়ে হইচই ফেলে দেওয়া ওয়ানপ্লাস একটি ভিডিওতে ফোনটির কার্যপ্রণালী সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা দিয়েছে। ভিডিওতে দেখা গেছে, নির্দিষ্ট একটি অ্যাঙ্গেলে ইলেকট্রোক্রোমিক গ্লাস ব্যবহার করে ক্যামেরাকে অদৃশ্য করা হয়েছে। একই সঙ্গে জানা গেছে কীভাবে এটি তৈরি করা হয়েছে।

এনডিটিভি জানায়, অনেক দিন ধরে টিজার প্রকাশ করার পর ফোনটিকে সামনে আনে ওয়ানপ্লাস। জনপ্রিয় গাড়ি প্রস্তুতকারী কোম্পানি ম্যাক ল্যারেনের সঙ্গে যৌথভাবে ফোনটি তৈরি করা হয়।

ফোনটিতে একটি ইলেকট্রোক্রোমিক গ্লাস প্যানেল ব্যবহার হয়েছে। একেবারেই স্বচ্ছ হয়ে যেতে পারে এই কাচ। ছবি তোলা শেষ হলে কাচের স্বচ্ছতা কমে গিয়ে ঢাকা পড়ে যাবে ক্যামেরা। ওয়ানপ্লাস জানাচ্ছে, এই কাচ স্বচ্ছ হতে ০.৭ সেকেন্ড সময় লাগবে।

ম্যাক ল্যারেন ৭২০এস স্পাইডার স্পোর্টস কারের থেকে অনুপ্রাণিত হয়ে কনসেপ্ট ফোনটির ডিজাইন করে ওয়ানপ্লাস। ফোনের পেছনে সরু গ্লাস প্যানেল ছাড়াও থাকছে চামড়ার ফিনিশ। এই ফোনে ম্যাক ল্যারেনের সিগনেচার ‘পাপায়া অরেঞ্জ’ রঙের চামড়া ব্যবহার হয়েছে।

ফোনটির ক্যামেরার ওপরে বিশেষ ইলেকট্রোক্রোমিক গ্লাস প্যানেল ব্যবহার করা হয়েছে। কোম্পানিটি জানায়, এই মুহূর্তে এটা সব থেকে উন্নত প্রযুক্তির কাচ। কোম্পানির দামে এই কাচের স্বচ্ছতা পরিবর্তন হতে প্রায় কোনো শক্তি খরচ হবে না। যদিও ফোনটির কোনো স্পেসিফিকেশন সামনে আনেনি কোম্পানি। ফলে নতুন এই কনসেপ্ট ফোন লঞ্চের কোনো নিশ্চয়তা নেই। ফোনটি কখন বাজারে ছাড়া হবে সে ব্যাপারে কিছু জানায়নি ওয়ানপ্লাস। এর আগেও ফোনের পেছনে বিভিন্ন ম্যাটেরিয়াল দিয়ে ফোন তৈরি করে প্রযুক্তি কোম্পানিটি। ফোনের পেছনে বাম্বু, উড, কেভলার, ফ্রস্টেড গ্লাস ফিনিশ দেখা গেছে। কনসেপ্ট ওয়ানের পেছনে শুধু ক্যামেরার জায়গায় কাচ ব্যবহার হয়েছে। ফোনের পেছনে বাকি জায়গায় চামড়া ব্যবহার হয়েছে।