রাজধানীর কামরাঙ্গীরচরের পূর্ব রসূলপুর এলাকায় এক কিশোরী (১৩) দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন। ধর্ষণের ঘটনায় জড়িত পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার ওই কিশোরীর স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে একজন মেয়েটির বান্ধবী বলে জানিয়েছে পুলিশ।
কামরাঙ্গীরচর থানার ওসি এবি এম মশিউর রহমান দেশ রূপান্তরকে বলেন, গত বৃহস্পতিবার রাতে কিশোরীটি দলবদ্ধ ধর্ষণের শিকার হন। এ ঘটনায় কিশোরীর পরিবার থানায় মামলা করেছে। মামলা অভিযুক্ত আসামি হিসাবে শুক্রবার বিকেলে ৫জনকে গ্রেপ্তার করেছি।
তিনি আরও বলেন, কিছুদিন আগে এক বান্ধবীর মাধ্যমে ধর্ষণে জড়িতদের সঙ্গে পরিচয় হয় মেয়েটির। সেই পরিচয়ের সুযোগ নিয়ে বৃহস্পতিবার সন্ধ্যার দিকে মেয়েটিকে ডেকে নিয়ে যায় রসুলপুর এলাকায়। কৌশলে সেখানকার একটি নির্মাণাধীন ভবনের দ্বিতীয় তলায় নিয়ে চারজন মেয়েটিকে ধর্ষণ করে। মেয়েটি তার পরিবারের কাছে ঘটনাটি জানালে কিশোরীর মা রাতেই নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।
ওসি এবি এম মশিউর রহমান বলেন, মেয়েটিকে ধর্ষণের সঙ্গে আরও কারা জড়িত গ্রেপ্তারকৃতদের কাছ থেকে সে বিষয়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে।