তাপসের বিরুদ্ধে ফের আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ ইশরাকের

আসন্ন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী শেখ ফজলে নূর তাপসের বিরুদ্ধে আবারও নির্বাচনের আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেছেন বিএনপির মেয়র প্রার্থী ইশরাক হোসেন। গতকাল শুক্রবার বিকেলে এ সংক্রান্ত লিখিত একটি অভিযোগ দক্ষিণের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে জমা দিয়েছেন তিনি। একই সঙ্গে সব নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে অভিযোগের অনুলিপি পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, ১০ জানুয়ারি প্রচার শুরুর প্রথম দিনই আওয়ামী লীগের মেয়র প্রার্থী ফজলে নূর তাপস সকাল পৌনে ১১টায় মাইক ব্যবহার করে দক্ষিণ সিটি করপোরেশনের ৭০ নম্বর ওয়ার্ড ডেমরা, আমুলিয়া মডেল টাউন, মেহেন্দীপুর বাজার, মীরবাগ থেকে নৌকা মার্কার প্রচারণা চালিয়েছেন। আইন অনুযায়ী দুপুর ২টা থেকে ৮টা পর্যন্ত প্রচারণায় মাইক ব্যবহারের কথা থাকলেও তিনি আইনের তোয়াক্কা না করে আগেই প্রচারণা চালিয়েছেন, যা সিটি করপোরেশন (নির্বাচন আচরণ) বিধিমালা-২০১৬-এর বিধি ২১ (২) ধারা সুস্পষ্ট লঙ্ঘন। অভিযোগ বিবেচনায় নিয়ে তাপসের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ ও সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির অনুরোধ জানান ইশরাক হোসেন।

সিটি করপোরেশন (নির্বাচন আচরণ) বিধিমালা-২০১৬ অনুযায়ী দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত নির্বাচনী প্রচারণায় মাইক ব্যবহারের বিধান রয়েছে। এর আগে গত বুধবার নির্বাচনী প্রচারণা শুরুর আগেই পোস্টার, ব্যানার, ফেস্টুন লাগানোর অভিযোগে তাপসের বিরুদ্ধে রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেন ইশরাক। তবে এ বিষয়ে এখনো প্রতিকার পাননি বলে গণমাধ্যমের কাছে বলে আসছেন তিনি।