আগের ম্যাচে পুরো কুড়ি ওভার খেলতে পারলেও সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে ভারতের বোলিংয়ের সামনে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল শ্রীলঙ্কার ব্যাটিং লাইন-আপ। তাতে পাহাড় সমান টার্গেট তাড়ায় দলটিকে মাঠ ছাড়তে হলো বড় এক হার নিয়ে।
পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে শুক্রবার রাতে ম্যাচটিতে লঙ্কানদের ৭৮ রানে হারায় ভারত। জয়ের জন্য ২০২ রানের লক্ষ্য তাড়ায় ১৫.৫ ওভারে ১২৩ রানে গুঁড়িয়ে যায় অতিথি দল।
এই জয়ে তিন ম্যাচের সিরিজটি ২-০ ব্যবধানে নিজেদের করে নিল ভারত। সিরিজের প্রথম ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যাক্ত হয়েছিল।
লঙ্কান ব্যাটসম্যানদের মধ্যে ধনাঞ্জয়া ডি সিলভা (৫৭) ও অ্যাঞ্জেলো ম্যাথুস (৩১) ছাড়া সবাই উইকেট ছাড়া হয়েছেন দুই অঙ্কের ঘর স্পর্শ করা ছাড়াই।
ভারতের বোলারদের মধ্যে নবদীপ সাইনি ২৮ রানে ৩ উইকেট নেন। দুটি করে নেন শার্দুল ঠাকুর ও ওয়াশিংটন সুন্দর। একটি উইকেট জাসপ্রীত বুমরাহর।
এর আগে নির্ধারিত কুড়ি ওভারে ৬ উইকেটে ২০১ রান করে টসে হারা ভারত। ওপেনিং জুটিতেই তাণ্ডব চালান লোকেশ রাহুল ও শিখর ধাওয়ান। এই জুটিতে আসে ৯৭ রান। ৩৬ বলে ৫২ রানে উইকেট ছাড়া হন ধাওয়ান। রাহুল করেন ৩৬ বলে ৫৪ রান।
অন্যদের মধ্যে মানিশ পান্ডে ৩১, অধিনায়ক বিরাট কোহলি ২৬ ও শার্দুল ঠাকুর মাত্র আট বলে ২২ রান করেন। লঙ্কান বোলারদের মধ্যে তিনটি উইকেট নেন লাকশান সান্দাকান।
অলরাউন্ডিং পারফরম্যান্সে ম্যাচ সেরা হয়েছেন ভারতের শার্দুল ঠাকুর। সিরিজ সেরা নবদিপ সাইনি।