ইউক্রেনের বিমান ভূপাতিত করার কথা স্বীকার ইরানের

‘অজান্তে’ ইউক্রেনের যাত্রীবাহী বিমান ভূপাতিত করা হয়েছে বলে স্বীকার করে নিয়েছে ইরান। ইরানের সেনাবাহিনীকে উদ্ধৃত করে এই খবর দিয়েছে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল।

বিবৃতিতে বলা হয়েছে, ইরানের বিপ্লবী গার্ডর্সের কাছে স্পর্শকাতর একটি এলাকা দিয়ে বিমানটি উড়ে যাওয়ার সময় ‘মানবীয় ভুলের’ কারণে এটা করা হয়। এই ঘটনায় দায়ীদের চিহ্নিত করা হবে বলেও কথা দিয়েছে দেশটি।

ইরানের ভুলের বিষয়টি শুরু থেকে প্রচার করতে থাকে আমেরিকা। কিন্তু দেশটি স্বীকার করছিল না। এক পর্যায়ে মার্কিন এবং কানাডার গোয়েন্দারা বিভিন্ন তথ্য হাজির করলে বিপাকে পড়ে যায় তারা।

গত বুধবার ইউক্রেনীয় বোয়িং ৭৩৭-৮০০ তেহরানের বিমানবন্দর ছেড়ে যাওয়ার ঠিক কয়েক মিনিটের মধ্যে বিধ্বস্ত হয়, এতে ১৭৬ জন যাত্রীর সবাই নিহত হন।

ইরাকে মার্কিন হামলায় ইরানি জেনারেল কাসেম সোলেইমানির হত্যার বদলা নিতে মুখিয়ে আছে ইরান। এর ভেতর ওই বিমান বিধ্বস্ত হয়।

তেহরানে অবস্থিত ইউক্রেন দূতাবাস প্রথম দাবি করে, বিমানের ইঞ্জিন বিকল হয়ে যাবার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। এর সাথে ‘সন্ত্রাসী’ কাজের কোনো সম্পর্ক নেই।