ভারতের বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী আইন (এনআরসি) নিয়ে সমালোচনার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ ভবনে (ডাকসু) ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর হামলা হয়েছে বলে দাবি করেছেন ভিপি নুরুল হক নুর।
শনিবার রাজধানীর ধানমন্ডিতে গণস্বাস্থ্য কেন্দ্রের ৫ তলায় একটি অনুষ্ঠানে এসব বলেন ভিপি নুর। এ অনুষ্ঠানে আলোচক হিসেবে আরো উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি জাফরুল্লাহ চৌধুরী, বামনেতা সাইফুল হক, নদী সুরক্ষা আন্দোলনের নেতা ম. এনামুল হকসহ অনেকে।
শনিবার সকালে অনুষ্ঠিত সভায় নুরুল হক নুর এখনো পুরোপুরি সুস্থ হতে পারেননি বলে জানান। ২২ ডিসেম্বর ডাকসু ভবনে ভিপি নুরুল হক নুরসহ তার সহযোগীদের ব্যাপক মারধর করে ছাত্রলীগ ও মুক্তিযুদ্ধ মঞ্চের নেতাকর্মীরা। মারধরে ভিপি নুরসহ অন্তত ৩০ জন আহত হন। তারা ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসা নেন।
আলোচনায় ভিপি নুর সাম্প্রতিক সময়ে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে আবরার ফাহাদকে পিটিয়ে হত্যার ঘটনা উল্লেখ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাদের ওপর বিভিন্ন সময়ে হামলার ঘটনাও উল্লেখ করেন।
ভিপি নুর বলেন, ভারতের জনগণের সঙ্গে আমাদের সাধারণ জনগণের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। তারা আমাদের নিরাপদ সড়ক আন্দোলনের সময় পাশে দাঁড়িয়েছিল।
নুরুল হক নুর বলেন, ক্ষমতায় থাকার জন্য কোনো রাজনৈতিক দল দেশের সব বিকিয়ে দেবে সেটা আমরা মানি না, মানতে পারব না।
তিনি বিগত সময়ের সরকারেরও সমালোচনা করেন।