কাশ্মীর ইস্যুতে পক্ষে থাকলে ভারতে ফেরার অনুমতি দিতেন মোদি: জাকির নায়েক

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা রদকে সমর্থন দিলেই দেশে ফেরার অনুমতি পেতেন জাকির নায়েক। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও পোস্টে এমন দাবি করেন আলোচিত এই ইসলামি বক্তা ।

সংবাদ প্রতিদিন জানায়, জম্মু-কাশ্মীর থেকে সংবিধানের ৩৭০ ধারা প্রত্যাহারের পরেই বিজেপি সরকারের পক্ষ থেকে তার সঙ্গে যোগাযোগ করা হয় বলে দাবি করেন জাকির নায়েক।

এই ইসলামি বক্তা বলেন, 'প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের প্রতিনিধি আমার সঙ্গে দেখা করে প্রস্তাব দেয় কাশ্মীর ইস্যুতে কেন্দ্রের পাশে দাঁড়াতে। এর স্বপক্ষে মুখ খুলতে। তাহলে আমার ভারতে ফেরার সব ধরনের বাধা দূর হবে। দায়ের হওয়া মামলাগুলোও তুলে নেয়া হবে। এর পাশাপাশি আমার সব যোগাযোগকে কাজে লাগিয়ে বিশ্বের বিভিন্ন মুসলিম দেশের সঙ্গে সম্পর্ক ভালো করতে চেয়েছিলেন তারা। কিন্তু, আমি এই কাজ করতে অস্বীকার করেছি।’

ভারত সরকারের ওই প্রতিনিধির সঙ্গে আলোচনার পর তিনি অবাক হয়ে গিয়েছিলেন বলেও দাবি করেন জাকির নায়েক। এ প্রসঙ্গে বলেন, ‘ওই কর্মকর্তা আমাকে জানিয়েছিলেন আমার সঙ্গে কথা বলার আগে এই বিষয়ে তার সঙ্গে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর কথা হয়েছে। তারা এই বিষয়ে আমার সাহায্য চেয়েছেন। তার এই কথা শুনে প্রথমে হতবাক হয়ে গিয়েছিলাম আমি।’

প্রসঙ্গত, ২০১৪ সালে ভারতে নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন বিজেপি সরকার ক্ষমতায় আসলে জাকির নায়েকের ওপর চড়াও হয় প্রশাসন। জঙ্গিবাদে অর্থায়ন এবং অর্থপাচারের কথিত অভিযোগে তার বিরুদ্ধে একাধিক মামলা দেওয়া হয়। এরপর জাকির নায়েক মালয়েশিয়ায় আশ্রয় নেন।