ইভিএম দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব : জিএম কাদের

ইভিএমের মাধ্যমে সুষ্ঠু নির্বাচন সম্ভব বলে মত দিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের।

তিনি বলেছেন, ‘আসন্ন ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী শেষ পর্যন্ত ভোটের মাঠে থাকবে। আমরা মনে করি ইভিএম পদ্ধতির মাধ্যমেও নির্বাচন করলে নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করা সম্ভব।’

শনিবার দুপুরে ঢাকা থেকে রংপুর যাওয়ার পথে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘আসন্ন ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী শেষ পর্যন্ত ভোটের মাঠে থাকবে। আমরা মনে করি ইভিএম পদ্ধতির মাধ্যমেও নির্বাচন করলে নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করা সম্ভব। কাজেই আগে থেকেই এই পদ্ধতিতে নির্বাচন নিরপেক্ষ কিংবা সুষ্ঠু না হওয়ার আশঙ্কা করা ঠিক নয়। আশঙ্কা করার কারণ যদি কখনো ঘটে, তখন সেটি নিয়ে কথা বলা যাবে।’

এ সময় দলের মহাসচিব মশিউর রহমান রাঙ্গাসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ঢাকা থেকে একটি বেসরকারি বিমানে সৈয়দপুর বিমানবন্দরে এসে সড়ক পথে রংপুরে দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত এইচএম এরশাদের কবর জিয়ারতে যান জিএম কাদের।