লাবুশেনই এই মুহূর্তে সেরা : মার্ক ওয়াহ

সময়ের অন্যতম সেরা ও স্টাইলিশ ব্যাটসম্যান ছিলেন তিনি। অস্ট্রেলিয়ার টেস্ট ইতিহাসের ষষ্ঠ সর্বোচ্চ রান সংগ্রাহক। অ্যাডাম গিলক্রিস্ট আর রিকি পন্টিংয়ের পর ওয়ানডেতে অস্ট্রেলিয়ার হয়ে সবচেয়ে বেশি রানও তার। ইতিহাসের অন্যতম সেরা ‘স্ট্রোক মেকার’ বলা হয় তাকে।

সেই মার্ক ওয়াহ যখন কোনো ব্যাটসম্যান সম্পর্কে নিজের মতামত দেন, নড়েচড়ে বসতেই হয়। ওয়াহ বলেছেন, বিরাট কোহলি বা স্টিভেন স্মিথ নয়, বর্তমান ফর্মের বিচারে মার্নাস লাবুশেনই বিশ্বের সেরা টেস্ট ব্যাটসম্যান।

আপাতত লাবুশেনকে টেস্টের সেরা ব্যাটসম্যান বললেও ওয়ানডেতে সুযোগ পেলে লাবুশেন একই ফর্ম ধরে রাখতে পারবেন বলে ওয়াহর বিশ্বাস, ‘খুব সম্ভবত এখন লাবুশেনই সেরা ব্যাটসম্যান। বিশেষ করে টেস্টে। তবে আমার ধারণা, ওয়ানডেতে নিয়মিত সুযোগ পেলে সে সাদা বলেও রানের ফোয়ারা ছোটাতে পারবে।’ অস্ট্রেলিয়ার এই দলে লাবুশেনের ব্যাটিং পজিশন কোথায় হওয়া উচিত, সেটা নিয়েও কথা বলেছেন ওয়াহ, ‘আমার মনে হয় ওর ৪ নম্বরে ব্যাটিং করতে নামা উচিত। ফিঞ্চ আর ওয়ার্নার ওপেন করবে। স্মিথ তো ৩ নম্বরে আছেই। লাবুশেনের নামা উচিত ৪-এ।’ কেন ৪-এ লাবুশেন, তার ক্রিকেটীয় ব্যাখ্যাও দিয়েছেন স্টিভ ওয়াহর থেকে কয়েক মিনিটের ছোট যমজ ভাই মার্ক, ‘ও স্পিন বেশ ভালো খেলে। সুইপ করতে পারে ভালোমতো। সাধারণত ইনিংসের মাঝপথে যেহেতু স্পিনাররা আক্রমণে আসে, স্পিনারদের বিপক্ষে ৪ নম্বরেই ওকে নামান উচিত বলে মনে করি।’

১৪ জানুয়ারি মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে প্রথম ম্যাচ দিয়ে শুরু হচ্ছে ভারতে অস্ট্রেলিয়ার ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ। ভারতের স্পিন আক্রমণ বেশ ভয়ংকর। কুলদিপ যাদব, যুজবেন্দ্র চাহালের পাশাপাশি আছেন রবিন্দ্র জাদেজা, কেদার যাদব ও ওয়াশিংটন সুন্দরও। তাই এই সিরিজেই স্পিনারদের বিপক্ষে লাবুশেনের সত্যিকার পরীক্ষা হবে বলে মনে করছেন ওয়াহ, ‘যাদব, চাহাল ও জাদেজারা ওকে বেশ কঠিন চ্যালেঞ্জের মধ্যে ফেলে দেবে। তবে লাবুশেনও ফর্মে আছে। আমার মনে হয়, ও ভালোই খেলবে।’

ওয়াহর কথা একটু চমক-জাগানিয়া হলেও পরিসংখ্যান কিন্তু তাকেই সমর্থন দিচ্ছে। ২০১৮ সালে পাকিস্তানের বিরুদ্ধে টেস্টে ক্যারিয়ার শুরু করা লাবুশেন গত বছর টেস্টে অসাধারণ ফর্মে ছিলেন। ঘরের মাঠে পাঁচ টেস্টে ৮৯৬ রান করেছেন। নিউজিল্যান্ডের বিপক্ষে তিন টেস্টের সিরিজেও ছিলেন দুর্দান্ত, করেছেন ৫৪৯ রান।