৫০ বছরে পদার্পণ করল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

নানা উত্থান-পতনের মধ্যদিয়ে ৫০ বছরে দিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি)। শত প্রতিকূলতা পেরিয়ে এগিয়ে যাচ্ছে সামনের দিকে।

আজ ১২ জানুয়ারি বিশ্ববিদ্যালয়টির জন্য একটি ঐতিহাসিক দিন। এই দিনেই তার পথচলা শুরু। গৌরব, ঐতিহ্য আর সাফল্যের ৪৯ বছর পেরিয়ে পদার্পণ করবে ৫০তম বর্ষে।

এ উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সকাল ১০টায় বিজনেস স্টাডিজ অনুষদ চত্বরে জাতীয় পতাকা উত্তোলন এবং বিশ্ববিদ্যালয় দিবস-২০২০ এর শুভ উদ্বোধন ঘোষণা করা হয়।

এরপর সকাল সাড়ে ১০টায় আনন্দ শোভাযাত্রা, সাড়ে ১১টায় সেলিম আল দীন মুক্তমঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান, দুপুর আড়াইটায় মুক্তমঞ্চে পুতুল নাট্য, বিকেল ৫টায় সেলিম আল দীন মুক্তমঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান ও মূকাভিনয় এবং সন্ধ্যা ৭টায় সঙ্গীতানুষ্ঠানের আয়োজন রয়েছে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ২০০১ সাল থেকে এ দিনটিকে ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দিবস’ হিসেবে পালন করে আসছে। তৎকালীন উপাচার্য অধ্যাপক আবদুল বায়েস ‘বিশ্ববিদ্যালয় দিবস’ পালনের প্রচলন শুরু করেন।

চারটি বিভাগ নিয়ে যাত্রা শুরু করা বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠার ৪৯ বছরে ৩৭টি বিভাগ ও তিনটি ইনস্টিটিউটে প্রায় ১৫ হাজার শিক্ষার্থী লেখাপড়া করছে।

রয়েছে আটটি করে ছাত্র ও ছাত্রী হল। বর্তমানে শিক্ষক রয়েছে ৭১৭ জন। এর মধ্যে ছুটিতে আছে ১২০ জন। কর্মকর্তা-কর্মচারী প্রায় ২ হাজার।