শিক্ষাপ্রতিষ্ঠানে র‌্যাগিং বিরোধী স্কোয়াড গঠনের নির্দেশ হাইকোর্টের

তিন মাসের মধ্যে বিশ্ববিদ্যালয় ও কলেজে র‌্যাগিং বন্ধে কমিটি (স্কোয়াড) গঠন করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

এ সংক্রান্ত একটি রিট আবেদনের ওপর শুনানি নিয়ে রবিবার বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেয়।

রুলে শিক্ষার্থীদের জীবন ও সম্মান রক্ষায় র‌্যাগিং বন্ধে নীতিমালা করতে বিবাদীদের ব্যর্থতা কেন অবৈধ ও বেআইনি ঘোষণা করা হবে না তা জানতে চাওয়া হয়েছে।

স্বরাষ্ট্র সচিব, শিক্ষা সচিব ও বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট বিবাদীদের রুলের জবাব দিতে বলা হয়েছে।

বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোতে র‌্যাগিং বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে এ রিট আবেদনটি করেন আইনজীবী ইশরাত হাসান। আবেদনের পক্ষে তিনি নিজেই শুনানি করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত কুমার তালুকদার।

এর আগে এ বিষয়ে কমিটি গঠনের তাগিদ দিয়ে সংশ্লিষ্টদের আইনি নোটিশ পাঠিয়েছিলেন অ্যাডভোকেট ইশরাত হাসান। নোটিশের জবাব না পেয়ে হাইকোর্টের দ্বারস্থ হন তিনি।