জাপানে ফের দেখা গেল সুনামির বার্তা নিয়ে আসা সেই মাছ!

বিরল প্রজাতির ‘ওরফিশ’ দেখে জাপানের মানুষ ভূমিকম্প ও সুনামির আতঙ্কে ভুগছে। শুক্রবার জাপানের তোয়ামা এলাকায় বিরল প্রজাতির বিশালাকৃতির মাছটি ধরা পড়ে।

এ নিয়ে এই মৌসুমে প্রায় সাতটি ওরফিশ ধরা পড়ল দেশটিতে। জাপানিদের বিশ্বাস- এই মাছটি ভূমিকম্প ও সুনামির বার্তা নিয়ে আসে। তাই সুনামির আতঙ্কে এখন ভুগছে জাপান।

জাপানি ভাষায় এই মাছের নাম ‘রিউগু নো সুকাই’। এর মানে ‘সমুদ্রের ভগবানের অট্টালিকার দূত’। তারা মনে করে, সমুদ্রের তলদেশ থেকে এই মাছ বয়ে আনে ধ্বংসের বার্তা। আর এ কথার ওপর ভিত্তি করেই আতঙ্ক ছড়াচ্ছে জাপান জুড়ে।

ওরফিশ বা রিউগু নো সুকাই এর রূপকথা শুরু হয় ২০১১ সালে। ওই বছর বিধ্বংসী ভূমিকম্প ও সুনামির ফলে ২০ হাজার মানুষ মারা গিয়েছিল জাপানে। তার আগে অন্তত এক ডজন ওরফিশ জাপানের বিভিন্ন উপকূলে দেখা গিয়েছিল।