ওয়াশিংটনে জলবায়ু পরিবর্তন ইস্যুতে এক বিক্ষোভ থেকে গ্রেপ্তার হয়েছেন ‘জোকার’ খ্যাত হলিউডের জনপ্রিয় অভিনেতা জোয়াকিন ফিনিক্স।
সিএনএন জানায়, ভিড় এবং বিশৃঙ্খলা সৃষ্টি করে আইনভঙ্গের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে ফিনিক্সকে। শুক্রবার তার সঙ্গে গ্রেপ্তার করা হয়ে আরেক হলিউড অভিনেতা মার্টিন শিনকেও।
জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে বরাবরই সোচ্চার হলিউড অভিনেত্রী এবং সমাজকর্মী জেন ফন্ডা। প্রতি সপ্তাহে ‘ফায়ার ড্রিল প্রোটেস্ট’ নামে এই প্রতিবাদ সভার আয়োজন করে থাকেন তিনি। এতে শুক্রবার ওই সভায় যোগ দিয়ে বক্তব্য দেন ফিনিক্স।
তবে সভা শেষে ফিনিক্স, মার্টিন শিনসহ মোট ১৪৭ জনকে গ্রেপ্তার করে ওয়াশিংটন পুলিশ। যদিও পরে সবাইকে ছেড়ে দেয়া হয়েছে বলে জানা গিয়েছে।
এদিন ফিনিক্সের বক্তব্য শুনতে হাজির হয়েছিলেন অন্তত ৩০০ মানুষ। ৪৫ বছর বয়সী এই অভিনেতার বক্তব্য, ‘অনেক সময় বুঝে উঠতে পারি না জলবায়ু পরিবর্তন সমস্যার সঙ্গে আমরা কীভাবে লড়াই করব? আপনারাই পারেন প্রতিদিনের কিছু অভ্যাসের পরিবর্তন এনে এই জলবায়ু পরিবর্তন রুখতে। কিছু জিনিস থাকে যা পরিবর্তন করা যায় না, কিন্তু আমরা যেটা বদলাতে পারি তা হল আমাদের খাদ্যাভ্যাস।’
এদিন মার্টিন শিন রবীন্দ্রনাথ ঠাকুরের ‘চিত্ত যেথা ভয়শূন্য’ কবিতার উল্লেখ করে জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে প্রতিবাদ জানান। প্রতিবাদে অংশ নিয়ে তিনি বাঙালির কবিগুরুর কবিতা স্মরণ করেন।