নারী চলচ্চিত্র নির্মাতাদের আন্তর্জাতিক সম্মেলন শুরু

ষষ্ঠবারের মতো ঢাকায় শুরু হয়েছে দুদিনব্যাপী নারী চলচ্চিত্র নির্মাতাদের আন্তর্জাতিক সম্মেলন। অষ্টাদশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের অংশ হিসেবে গতকাল রবিবার ঢাকা ক্লাবের স্যামসন লাউঞ্জে এ সম্মেলনের উদ্বোধন করেন আমেরিকান চলচ্চিত্র উৎসব কিউরেটর, লেখক ও ব্লগার সিডনি লেভিন। নৃত্য সংগঠন ‘সাধনা’র শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে শুরু হয় সম্মেলন। এতে প্রবন্ধ উপস্থাপন করেন অভিনেত্রী বন্যা মির্জা ও চৈতালী সমাদ্দার।

দেশি-বিদেশি নারী চলচ্চিত্র নির্মাতা ও ব্যক্তিত্বদের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে বাংলাদেশের নারী নির্মাতারা নানা রকম অভিজ্ঞতা শেয়ার করেন। কাজ করার ক্ষেত্রে প্রতিবন্ধকতাসমূহ এবং উত্তরণের উপায় নিয়ে আলোচনা করা হয়। বক্তারা বলেন, ‘ভালো চলচ্চিত্র নির্মাণের ক্ষেত্রে মেধা-সৃজনশীলতার পাশাপাশি আর্থিক পৃষ্ঠপোষকতা জরুরি। সেক্ষেত্রে আন্তর্জাতিক ফান্ডিং সংস্থাগুলোর চাহিদা ও শর্তাবলির বিবেচনা দরকার। তাছাড়া পৃথিবীর আলোচিত চলচ্চিত্র উৎসবগুলোর গুণগত মান, কাঠামো ও মার্কেটিং পলিসিগুলোর ওপর নজর রাখা জরুরি।’

‘নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ’ স্লোগানে রাজধানীতে শনিবার থেকে চলছে অষ্টাদশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। রেইনবো চলচ্চিত্র সংসদের আয়োজনে উৎসবের অংশ হিসেবে নারী নির্মাতাদের এই সম্মেলন আজ সোমবার শেষ হবে। সম্মেলনের প্রথম দিনের আয়োজনে আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক গীতিয়ারা নাসরীন, অস্ট্রেলিয়ান অভিনেতা ও নির্মাতা রোবেন হিউগেন, পোল্যান্ডের নির্মাতা জোয়ানা ক্রিস-ক্রাউজে ও বার্লিন চলচ্চিত্র উৎসবের সমন্বয়ক মিনাক্ষী সিন্দি। আজ সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে এই সম্মেলন।