ঢাকাবাসী আমাদের উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করেছেন: তাপস

গণসংযোগে ঢাকাবাসীর থেকে ব্যাপক সাড়া পাওয়ার দাবি করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়রপ্রার্থী শেখ ফজলে নূর তাপস বলেছেন, ঢাকাবাসী সাদরে আমাদের উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করেছেন এবং তারা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছে।

সোমবার রাজধানীর মানিকনগর বাস স্ট্যান্ড থেকে চতুর্থদিনের নির্বাচনী গণসংযোগ শুরুর আগে গণমাধ্যমকর্মীদের সামনে নিজের উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে তিনি এসব বলেন।

তাপস বলেন, ঐতিহ্যের ঢাকা, সুন্দর ঢাকা, সচল ঢাকা, সুশাসিত ঢাকা এবং উন্নত ঢাকা গড়তে যে স্বতঃস্ফূর্ত সাড়া পাচ্ছি, আমরা আশা করি ৩০ জানুয়ারি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে আমাকের নৌকা মার্কায় ভোট দিয়ে ঢাকাবাসী সেই ঢাকা গড়ার পক্ষে তাদের রায় দেবে এবং আমাকে তাদের সেবক হিসেবে নির্বাচিত করবে।

ঢাকায় বর্ষা মৌসুমে ঢাকার জলাবদ্ধতা নিরসনে দীর্ঘমেয়াদি পরিকল্পনায় অবকাঠামো উন্নয়নের মহাপরিকল্পনা কথা উল্লেখ করে তিনি বলেন, আমরা যে উন্নত ঢাকার গড়তে ত্রিশ বছরের মহাপরিকল্পনা নিচ্ছি সেটার আওতায় জলাবদ্ধতা নিরসন করে বিভিন্ন অবকাঠামো উন্নয়নের কাজ করব। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতায় কাজ করার পর অন্তত তিন বছর অন্য কোনো সংস্থাকে সেই এলাকায় কাজ করতে দেয়া হবে না। এটা হলে যে জনদুর্ভোগ সৃষ্টি হয়, সেই দুর্ভোগ থেকে ঢাকাবাসী পরিত্রাণ পাবে।

তিনি বলেন, নির্বাচিত হতে পারলে ৯০ দিনের মধ্যে ঢাকাবাসীর সকল মৌলিক সুবিধাগুলো তাদের দোরগোড়ায় পৌঁছে দেয়া এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনকে একটি দুর্নীতিমুক্ত সংস্থা হিসেবে প্রতিষ্ঠা করাই লক্ষ্য।

এ সময় তাপস সাত নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আবদুল বাতেন বাচ্চু (রেডিও প্রতীক) এবং সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থী মাকসুদাকে (আনারস) পরিচয় করিয়ে দেন তিনি।