অনূর্ধ্ব-১৯ দলের বিশ্বকাপের মূল পর্ব শুরু হওয়ার আগে নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে রোমাঞ্চ ছড়িয়েছে বাংলাদেশ-অস্ট্রেলিয়া। হার-জিত নেই, টাই- এ শেষ হয়েছে তুমুল উত্তেজনা ছড়ানো ম্যাচটি।
দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়ায় বৃষ্টির কারণে পঞ্চাশ ওভারের ম্যাচটি ৪৩ ওভারে নিয়ে আসা হয়। প্রথমে ব্যাটিং করে তিন অর্ধশতকে ৬ উইকেটে ২৫০ রান করে টসে জেতা বাংলাদেশ।
৩৩ বলে তিন চার ও তিন ছক্কায় অপরাজিত ৫৯ রান করে শামিম হোসেন। তৌহিদ হৃদয় ৫৩ ও ওপেনার পারভেদ হোসেন ইমন ৫২ রান করেন। অপর ওপেনার তানজিদ হাসান করেন ৩২ রান।
জবাবে ৪৩ ওভারে সবকটি উইকেট হারিয়ে অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-১৯ দলও করে ২৫০ রান। স্যাম ফ্যানিং ৪৬, কোরিই কেলি ৪৪, ল্যাকলেন হার্নে ৪১, লিয়াম স্কট ৩৪ রান করেন।
বাংলাদেশের বোলারদের মধ্যে পেসার শরিফুল ইসলাম ৩৯ রানে ৪ উইকেট নেন। দুটি উইকেট নেন হাসান মুরাদ।
দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে বুধবার জোহান্সবার্গে নিউজিল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের মুখোমুখি হবে জুনিয়র টাইগাররা।
টুর্নামেন্টে ‘সি’ গ্রুপে আকবর আলিদের প্রথম ম্যাচ ১৮ জানুয়ারি, জিম্বাবুয়ে অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে।