ম্যাচ শেষে চট্টগ্রাম অধিনায়ক মাহমুদউল্লাহ বললেন, ‘হ্যাটস অফ টু মাশরাফী ভাই। আজ (গতকাল) উনি ১৪টি সেলাই নিয়ে খেলেছেন। উনার জায়গায় আমি হলে জীবনেও চিন্তা করতাম না খেলার। উনি খেলেছেন, ভালো বল করেছেন। ভালো একটি ক্যাচও নিয়েছেন। ক্রিস গেইলের শটটিতে বল অনেক স্পিন করছিল। গুরুত্বপূর্ণ ক্যাচ ছিল।’
তার কিছুক্ষণ আগে সংবাদ সম্মেলনে মাশরাফী আরও একবার জানিয়ে গেছেন, মাঠের বিদায় চান না। দীর্ঘদিনের সতীর্থ ও অধিনায়কের প্রসঙ্গ এলে মাহমুদউল্লাহ বললেন, ‘প্রথমত, এটা পুরোটা মাশরাফী ভাইয়ের সিদ্ধান্ত। এ নিয়ে তার সঙ্গে আমার দু-একবার কথা হয়েছে। কিন্তু আমি এ ব্যাপারে কথা বলতে পারব না। কারণ একটা ব্যক্তিগত বিশ্বাসেরও জায়গা আছে। তাকে না জানিয়ে আমি এটা শেয়ার করতে পারি না।’ এর সঙ্গে জানালেন, ‘শুরু থেকে কখনো ভাবিনি যে আমি ক্রিকেটারই হব। আমি ভালোবেসেছি, খেলেছি। এরপর ক্রিকেট আমার পেশা হয়েছে। তো কারও কথায় আমি খেলা শুরু করিনি, আর কারও কথায় আমি খেলা ছাড়ার পক্ষপাতী না।’ মাহমুদউল্লাহর বিশ্বাস, ‘আমার মনে হয়, মাশরাফী ভাইও এভাবে দেখেন। কারণ তিনি অনেক বছর ধরে ক্রিকেট খেলছেন।’